• অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে তুমুল ক্ষোভ, মেখলিগঞ্জ পুরসভার চেয়াম্যানকে ডিম থেরাপি
    বর্তমান | ০৪ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, মেখলিগঞ্জ ও দিনহাটা: অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা না পাওয়ার অভিযোগে উত্তাল হয়ে উঠল মেখলিগঞ্জ পুরসভা। শুক্রবার দুপুরে একদল বিক্ষোভকারী পুরসভায় ঢুকে চেয়ারম্যান প্রভাত পাটনীকে ঘেরাও করেন। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। ঘটনায় পুরসভা চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্যদিকে, একই দাবিতে এদিনই দিনহাটা এসডিও অফিস সহ দিনহাটা-১ ও কোচবিহার-১ বিডিও অফিসেও বিক্ষোভ দেখান একাংশ মহিলা। 

    বিক্ষোভকারীদের অভিযোগ, আবেদন করার পরও বহু প্রকৃত উপভোক্তার নামে অন্নপূর্ণা যোজনার টাকা আসেনি। অথচ বেছে বেছে কিছু মানুষকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে। এই অভিযোগে পুরুষ ও মহিলা একদল আন্দোলনকারী হাতে ডিম নিয়ে আচমকা মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যানের চেম্বারে ঢুকে পড়েন। বিক্ষোভকারীদের দেখে চেয়ারম্যান সরে যাওয়ার চেষ্টা করলেও তার আগেই শুরু হয় এলোপাথাড়ি ডিম নিক্ষেপ। একাধিক ডিম লাগে চেয়ারম্যানের গায়ে। পাশাপাশি দপ্তরের চেয়ার, টেবিল ও দেওয়ালেও ডিম ছোড়া হয়। আচমকা এই ঘটনায় কার্যত হতচকিত হয়ে পড়েন তিনি। 

    পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। বিক্ষোভকারীদের দাবি, অন্নপূর্ণা যোজনার আবেদন করেও বহু প্রকৃত প্রাপক আর্থিক সহায়তা পাননি। অবিলম্বে বঞ্চিতদের তালিকা পুনর্বিবেচনা করে তাঁদের প্রাপ্য অর্থ প্রদান করতে হবে। অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। 

    উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রভাত পাটনী সহ ছ’জন কাউন্সিলার। যদিও চেয়ারম্যানের দাবি, অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের নির্বাচন ও অর্থ প্রদান সম্পূর্ণ সরকারি প্রক্রিয়ায় হয়েছে। পুরসভার কোনো ভূমিকা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। ডিম ছোড়া ঠিক হয়নি। 

    দিনহাটায় বিক্ষোভকারী ‘বঞ্চিত’ মহিলারা বলেন, আমরা লক্ষীর ভাণ্ডারের  অর্থ নিয়মিত পেতাম। সেই টাকা দিয়ে ছেলে-মেয়ের পড়াশোনার খরচ থেকে শুরু করে সংসারের অন্যান্য যাবতীয় গুরুত্বপূর্ণ সমস্যা মিটেছে। অথচ রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর রাজ্য সরকার ৩ হাজার টাকা অন্নপূর্ণা যোজনার জন্য ঘোষণা করেছে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে কোনোরকম টাকা ঢুকল না। কেন অন্নপূর্ণা যোজনার অর্থ ঢোকেনি তা প্রশাসনকেই জবাবদিহি করতে হবে।
  • Link to this news (বর্তমান)