• বর্ষার আগেই রাস্তা মরণফাঁদ, তীব্র ক্ষোভে তপ্ত আরামবাগ
    বর্তমান | ০৪ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, আরামবাগ: নিম্নচাপের বৃষ্টি ভাল ভাবে শুরু হয়নি আরামবাগে। তার আগেই  শহরের মূল রাস্তাগুলি ভেঙেচুরে একাকার হয়েছে। 

    স্থানীয় মানুষের অভিযোগ, রাজ্যে সরকার পরিবর্তনের পর তৃণমূল পরিচালিত আরামবাগ  পুরসভা রাস্তা সারাইয়ের ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না। ফলে রাস্তা দিয়ে চলতে গিয়ে আরামবাগ শহরের মানুষদের বিপজ্জ্বনক ভাবে যাতায়াত করতে হচ্ছে। এই ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে শহরে। তৃণমূল পরিচালিত আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারীর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাঁর মোবাইল সুইচড অফ থাকায় তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এনিয়ে  বিজেপির আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ বলেন, আরামবাগের রাস্তার বেহাল দশা দেখছি। অবিলম্বে শহরের সব খারাপ রাস্তা চিহ্নিত করে দ্রুত সংস্কারের কাজ শুরু করতে হবে।  আরামবাগের মানুষের স্বার্থে এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে জানাব। 

    স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আরামবাগ  শহর ১৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত। আরামবাগ হুগলি জেলার মধ্যে অন্য শহরের তুলনায় ছোটো হলেও সময়ের সঙ্গে সঙ্গে দ্রুত বাড়ছে। পুরসভার আধুনিক পরিষেবা পাওয়ার জন্য পার্শ্ববর্তী গ্রামগঞ্জ থেকে মানুষ উঠে এসে এখানে জমি ও ফ্ল্যাট  কিনে বা ভাড়া নিয়ে থাকছেন। তবে বেশিরভাগ মানুষই সন্তানদের ভাল স্কুলে পড়ানোর জন্য আরামবাগ শহরে ভিড় জমাচ্ছেন। তাই এই শহরের গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। কিন্তু বর্তমানে শহরের মূল রাস্তাগুলি যেমন আরামবাগ-গৌরহাটি মোড় থেকে পুলিশ ফাঁড়ি, তালতলা বাজার থেকে আমতলা মোড় প্রভৃতি রাস্তা সংস্কারের অভাবে কঙ্কালসার হয়ে গিয়েছে। রাস্তা থেকে পিচ সরে বড়ো বড়ো গর্ত তৈরি হয়েছে। সেই গর্তে জল জমে বৃষ্টির জল। তার উপর দিয়ে সাইকেল ও বাইক চলাচলে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন মানুষজন। 

    স্থানীয় বাসিন্দা শিউলি মণ্ডল বলেন, আমার ছেলে আমতলার কাছে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র। আমি স্কুটিতে করে ছেলেকে স্কুলে দিতে যাই। বর্তমানে আরামবাগ শহরের রাস্তা এতই খারাপ যে ছোটো চাকার গাড়ি নিয়ে গর্তে পড়লে টাল সামলানো যাচ্ছে না। ফলে দুর্ঘটনা ঘটছে। তাই আমরা অবিলম্বে রাস্তা সারাইয়ের দাবি জানাচ্ছি।
  • Link to this news (বর্তমান)