• মহম্মদবাজারে মেয়ের বিয়ের নিমন্ত্রণপত্র দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মায়ের মৃত্যু
    বর্তমান | ০৪ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, রামপুরহাট: আনন্দের মাঝেই নেমে এল চরম বিষাদ। মেয়ের বিয়ের নিমন্ত্রণপত্র দিতে নিজের বাপের বাড়ি যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হল। বৃহস্পতিবার দুপুরে মহম্মদবাজার থানার গণপুর গ্রামের কাছে রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। মৃত বধূ আরজিনা বিবি(৩৮) মল্লারপুর থানার রুকুনপুরের বাসিন্দা ছিলেন।

    আগামী ৫শ্রাবণ আরজিনা বিবির মেয়ের বিয়ে ছিল। তাই দেওর জমির শেখের বাইকের পিছনে বসে মহম্মদবাজারের ভাড়কাঁটা গ্রামে নিজের বাপের বাড়ি নিমন্ত্রণ জানাতে যাচ্ছিলেন। কিন্তু গণপুর গ্রামের কাছে পিছন থেকে আসা অপর একটি বাইক তাঁদের মোটরবাইকে ধাক্কা মারে। আরজিনা বিবি ও জমির শেখ রাস্তার উপর ছিটকে পড়েন। ওই বধূ মাথায় গুরুতর চোট পান। স্থানীয়রা দু’জনকেই রক্তাক্ত অবস্থায় প্রথমে মল্লারপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে জমির শেখকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও আরজিনা বিবিকে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আরজিনা বিবির অপর দেওর রাজদুল রহমান বলেন, ভাইঝির বিয়ের জন্য বউদি কত আনন্দে ছিলেন। কিন্তু সব শেষ হয়ে গেল। এদিন মেডিকেলে ময়নাতদন্তের পর দেহ গ্রামে ফিরতেই পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।

    মুরারইয়ে দুর্ঘটনায় মৃত্যু: মুরারইয়ে লরির ধাক্কায় এক মোটরভ্যান চালকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নাজিরুল ইসলাম(৩৬)। বাড়ি নলহাটি থানার আমগাছি গ্রামে। বৃহস্পতিবার দুপুরে মুরারইয়ে ফ্রিজ ডেলিভারি করে তিনি ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। ধীতোরা গ্রামের কাছে একটি লরি পিছন থেকে তাঁর ভ্যানে ধাক্কা মেরে চলে যায়। স্থানীয়রা নাজিরুলকে রক্তাক্ত অবস্থায় রামপুরহাট মেডিকেলে ভর্তি করলে সন্ধ্যার দিকে সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘাতক লরির খোঁজ চালাচ্ছে।
  • Link to this news (বর্তমান)