• নির্ধারিত সময়ে ট্রেন চালাতে পদক্ষেপ
    বর্তমান | ০৪ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া স্টেশন থেকে লোকাল ও দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ে চালাতে একাধিক পদক্ষেপ নিয়েছে পূর্ব রেল। ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম পর্বে হাওড়া ডিভিশনের কাজের সাফল্য নিয়ে শুক্রবার হাওড়া ডিআরএম ভবনে সাংবাদিক বৈঠক করলেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর। ডিআরএম জানান, বর্তমানে ৮৭ শতাংশেরও বেশি ট্রেন সময়সূচি মেনে চলছে, যা রেলের কাছে বড়ো সাফল্য। ট্রেন দেরির কারণগুলি নিয়মিত বিশ্লেষণ করে সিগন্যাল ব্যবস্থা, ক্রসিংয়ে ট্রেন চলাচলের সমন্বয়, প্ল্যাটফর্ম দ্রুত খালি রাখা এবং ট্র্যাক ও রেকের রক্ষণাবেক্ষণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রেলকর্মীদের ধারাবাহিক প্রচেষ্টার ফলেই নির্দিষ্ট সময় মেনে ট্রেন চলাচল অনেকটা নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে দাবি তাঁর। প্রতিদিন হাওড়া স্টেশন হয়ে ১০ লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত করেন। সেই কারণে যাত্রী পরিষেবা আরও উন্নত করতে দুটি নতুন প্ল্যাটফর্ম নির্মাণের কাজ চলছে। বর্তমানে পুরানো কমপ্লেক্সের দুটি এবং নতুন কমপ্লেক্সের চারটি প্ল্যাটফর্মে ২২ থেকে ২৪ কোচের দূরপাল্লার ট্রেন দাঁড়াতে পারে। নতুন প্ল্যাটফর্ম চালু হলে যাত্রী পরিষেবার পাশাপাশি ট্রেন পরিচালনা আরও সহজ হবে।
  • Link to this news (বর্তমান)