• দেবরাজের দুর্নীতির শিকড় কতটা গভীরে, খুঁজছে সিট
    বর্তমান | ০৪ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: পাহাড় থেকে সমতল। ‘অভিষেক ঘনিষ্ঠ’  তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর দুর্নীতির শিকড় কত দূর পর্যন্ত পৌঁছেছে, তা খতিয়ে দেখছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট)। তোলাবাজি সহ  পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। দেবরাজ নামে-বেনামে প্রায় ১৩০০ কোটি টাকার সম্পতি করেছেন বলে অভিযোগও তুলেছেন খোদ রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই দেবরাজের দু’টি ব্যাংক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করা হয়েছে। তাতে ৩০ লক্ষ টাকা মিলেছে। তাঁর নামে এবং বেনামে আরও কতগুলি অ্যাকাউন্ট রয়েছে, কোন মোবাইল নম্বর লিঙ্ক করা আছে, তা খতিয়ে দেখছেন সিটের সদস্যরা।

    কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, পুলিশের কমিশনারের নেতৃত্বে প্রায় সাতজন অফিসারকে সিটে রাখা হয়েছে। ‘বাগে না আসা’ এক দক্ষ পুলিশ অফিসারকে দেবরাজ অন্যত্র বদলি করে দিয়েছিলেন। তাঁকেও রাখা হয়েছে সিটে। এলাকার লোকজন বলছেন, গত পাঁচ বছরে সবচেয়ে বেশি সম্পত্তি করেছে দেবরাজ। শেষ পাঁচ বছর তাঁর স্ত্রী অদিতি মুন্সি বিধায়ক ছিলেন। বাগুইআটি, কেষ্টপুর, রাজারহাট, নিউটাউন, দমদম সহ উত্তর ২৪ পরগনা জেলার একটি বড় অংশের মাথা ছিলেন দেবরাজ। কারণ, খোদ অভিষেকের হাত ছিল তাঁর মাথায়। আগের সরকারের আমলে বহু অফিসার তাঁকে ‘সমঝে’ চলতেন। স্থানীয়রা বলছেন, স্ত্রী অদিতি খাতায়-কলমে হলেও, দেবরাজই ছিলেন অলিখিত বিধায়ক। ইকো পার্কে তাঁদের বিয়েতেও ছিল রাজকীয় আয়োজন।

    ধরা পড়ার পর দেবরাজের পলায়নের রুট জানতে পেরেছে পুলিশ। ছ’টি  রাজ্য ঘুরে পুলিশের হাতে ধরা পড়েছে। তিনি ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ঘুরে এ রা঩জ্যে ঢুকে ধরা পড়েছে। প্রতিটি জায়গায় সাধারণ হোটেলে দু’বার করে থেকেছেন। যাতে কারও সন্দেহ না হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেবরাজ ঘনিষ্ঠ বেশ কয়েকজন সিটের স্ক্যানারে রয়েছেন। তাঁদের সঙ্গে দেবরাজের বিশাল সম্পত্তির কোনো সংযোগ আছে কি না, তা দেখা হবে। তদন্তকারীরা ঠিক করেছেন, দেবরাজকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশিও চালানো হবে। 

    ইতিমধ্যেই বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারি ‘জন বাবু’ নামে এক পেট্রল পাম্প মালিকের ভিডিও পোস্ট করেছেন। সেখানে ওই পাম্পওয়ালা বলছেন, কে তরুণজ্যোতি! দেবরাজকে হারানোর ক্ষমতাই নেই তরুণজ্যোতির। তিনি নাকি শুধু টিভিতে বসে ডায়লগ দেন! তবে, দেবরাজকে গোহারা হারানোর পর এই  ‘জন বাবু’কে নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে বাগুইআটিতে।
  • Link to this news (বর্তমান)