নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার সর্বশেষ চার্জশিটে নাম রয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের। শুক্রবার সেই মামলায় কলকাতার বিচারভবনের বিশেষ আদালতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন এই সভাপতি গরহাজির থাকায় ক্ষোভ প্রকাশ করেন বিচারক। আদালত সূত্রের খবর, এই মামলায় সর্বশেষ সিবিআই যে চার্জশিট পেশ করেছে, তাতে এই তৃণমূল নেতা ছাড়াও সেখানে অভিযুক্ত করা হয়েছে আরও দু’জনকে। তাঁরা হলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী ও বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী। শুক্রবার তাঁরা অবশ্য আদালতে হাজির ছিলেন। অনুপস্থিত ছিলেন মানিক ভট্টাচার্য। সেখানে তাঁর কৌঁসুলি অবশ্য হাজির ছিলেন। এদিন কোর্টে হাজিরা দেন অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু সহ কয়েকজন।