নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একদিকে উত্তরবঙ্গ সহ গোটা রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজার প্রস্তুতি। অন্যদিকে বাংলায় শিল্প ক্ষেত্রে বিপুল বিনিয়োগের সম্ভাবনা তৈরি করা। রাজ্যের জন্য ‘গেমপ্ল্যান’ প্রস্তুত করছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। সেইমতো দিল্লির ধাঁচে এবার যেমন বাংলাতেও ‘লো ফ্লোর’ বিদ্যুৎ চালিত বাস চালানোর পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিজেপি সরকার। তেমনই মুম্বইয়ে গিয়ে ছোটোবড়ো প্রায় ২৫টি শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠক সেরে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ওয়াটার রি-সাইক্লিং থেকে ওয়াটার পিউরিফায়ার। সেমি কন্ডাক্টর থেকে টেক্সটাইল কিংবা স্টিল। শিল্পগোষ্ঠীর উল্লিখিত বৈঠকে হাজির হয়েছে সব পক্ষই। এরই মধ্যে শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রকের ‘বোর্ড অব ট্রেড’-এর (বিওটি) বৈঠকে যোগ দিয়েছেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়।
কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের ‘ভব্য যোজনা’ প্রকল্পের আওতায় রাজ্যের দু’টি স্কিম জমা দেওয়ার কথা জানিয়েছেন। তাপসবাবু জানিয়েছেন, ‘এর আগে বিওটির মতো এত গুরুত্বপূর্ণ বৈঠকে পূর্বতন রাজ্য সরকার অংশই নেয়নি। এর পরের বিওটি মিটিং হয়তো বিহারে হবে। তারপরেই এর আয়োজন হবে কলকাতায়। আমি তেমনই অনুরোধ করেছি কেন্দ্রীয় মন্ত্রীকে।’ বৃহস্পতিবার মুম্বইয়ে ২৫টি ছোটোবড়ো শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠক হয়েছে শমীকবাবুর। তাঁর দাবি, সবমিলিয়ে বিপুল বিনিয়োগের প্রস্তুতি চলছে বাংলায়। তিনি বলেন, ‘বিগত কয়েক দশকে ছোটো বড়ো অসংখ্য শিল্পগোষ্ঠীকে বাংলা থেকে পাততাড়ি গোটাতে হয়েছে। তাদের অনেকের সঙ্গেই হয়ত বাংলার নাড়ির টান রয়েছে। ওইসব শিল্পগোষ্ঠী আমাকে অনুরোধ করেছে, মাসদু’য়েক পরে যেন আমি ফের মুম্বই যাই। সেক্ষেত্রে আরও অন্তত আট থেকে দশটি শিল্পগোষ্ঠী যুক্ত হতে পারে। শিল্পের কথা বললেই তো শিল্পায়ন হয় না। বিজেপি সরকার শিল্প নীতি এবং জমি নীতিতে ঢালাও সংশোধনের পরিকল্পনা করছে। তবে শিল্পের সঙ্গে গ্রামীণ জীবনেও সার্বিক অর্থনৈতিক পরিবর্তন আসা জরুরি। সেই লক্ষ্যেও কাজ চলছে।’ মুম্বইয়ে শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠক সেরে শুক্রবার দিল্লিতে এসেই বিজেপির পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সুনীল বনসলের সঙ্গে জরুরি বৈঠক করেছেন শমীকবাবু।