• রাস্তা আটকে ২১ জুলাইয়ের সভা! আদালত অবমাননা মামলায় মমতা-অভিষেকের হলফনামা তলব
    বর্তমান | ০৪ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আদালত অবমাননার মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে হলফনামা তলব করল হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশের পরেও শহরের ব্যস্ততম রাস্তা আটকে ২১ জুলাইয়ের কর্মসূচি পালনকে কেন্দ্র করে মামলাটি হয়েছে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ চার সপ্তাহের মধ্যে তাঁদের হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন। এই মামলার পরবর্তী শুনানি ১৭ আগস্ট। 

    এদিকে, বিধায়কদের সই জাল সংক্রান্ত মামলায় ফের স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তাঁর রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের জরুরি বেঞ্চ। বিচারপতি জানিয়েছেন, যেহেতু বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ এই মামলার বিস্তারিত শুনানি করেছে এবং তিনি বর্তমানে সার্কিট বেঞ্চে আছেন, তাই এই মামলায় ১৭ জুলাই পর্যন্ত অভিষেকের রক্ষাকবচ বহাল থাকবে। তবে তদন্তে তাঁকে সহযোগিতা করতে হবে। বিচারপতি চন্দ ১৪ জুলাই সার্কিট বেঞ্চ থেকে ফিরে আসার পর এই মামলার শুনানি করবেন। 

    তবে ডিজে মামলায় অভিষেকের জরুরি ভিত্তিতে শুনানির আবেদন এদিনও খারিজ করে দিয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ। আগামী মঙ্গলবারের আগে তিনি এই মামলার শুনানি করতে পারবেন না বলে জানানো হয়েছে। একইসঙ্গে আরো বিপাকে পড়েছেন অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়। তাঁর আগাম জামিনের আবেদন সংক্রান্ত মামলা শুনলেন না বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতি জয় সেনগুপ্ত অসুস্থ থাকায় বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চে মামলার শুনানির আবেদন জানিয়েছিলেন সুমিত।  
  • Link to this news (বর্তমান)