• ভোটে তৃণমূলের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগে অপসারিত দু’জনকে ফের ওসি হিসাবে নিয়োগ, বিতর্কে লালবাজার
    বর্তমান | ০৪ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওসি বদলিকে ঘিরে নতুন করে বিতর্কে লালবাজার। ভোটের সময় তৃণমূলের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগে অপসারিত দুই ওসিকে ফের কলকাতার দু’টি গুরুত্বপূর্ণ থানার ওসি হিসাবে নিয়োগ করেছেন কলকাতার পুলিশ কমিশনার (সিপি) অজয় নন্দা। সিপির এই সিদ্ধান্তে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে মূলত ২০০৪, ২০০৮ ব্যাচের কলকাতা পুলিশের অফিসার মহলে।

    ক্ষুব্ধ অফিসারদের অভিযোগ, পক্ষপাতিত্বের অভিযোগে নির্বাচন কমিশনের হাতে অপসারিত দুই ওসির একজন জমি দখলের মামলায় ইডির হাতে ধৃত শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠ। অপরজন বেহালার ‘কুখ্যাত’ প্রোমোটার জয় কামদারের ঘনিষ্ঠ। অভিযোগ, এই ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে তৃণমূল আমলে একজন বেহালা, বেলেঘাটা, আমহার্স্ট স্ট্রিট থানায় ওসি হিসাবে কাজ করেছেন। আরেকজন টালা, বেনিয়াপুকুর, গার্ডেনরিচ, নিউ আলিপুর, ফুলবাগানের মতো একাধিক থানায় কাজ করেছেন। 

    ক্ষুব্ধ অফিসারদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, তৃণমূল আমলে যাঁরা ওয়েলফেয়ারের নেতা শান্তনু সিনহা বিশ্বাস ও তাঁর ঘনিষ্ঠদের (কলকাতার পুলিশ মহলে যাঁদের ডাকা হয় ‘এসএসবি গ্যাং’) পক্ষপাতিত্বের শিকার হয়েছেন, তাঁদের এখন কেন  ওসি করছেন না সিপি? নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের একটি সূত্র জানাচ্ছে, সুনামের সঙ্গে সারাজীবন থানায় কাজ করার পরও ১৯৯৬, ২০০০ ব্যাচের বেশ কয়েকজন অফিসারকে কোনো এক রহস্যজনক কারণে একবারও থানার ওসি করা হয়নি। অথচ, এই ‘অপসারিত’রা এক-একজন পাঁচ-ছ’টি করে থানার ওসি হচ্ছেন! এখানেই বৈষম্যের অভিযোগ উঠছে বাহিনীতে। 

    ক্ষুব্ধ অফিসাররা ঘনিষ্ঠ মহলে বলছেন, মুখ্যমন্ত্রী পুলিশকে কাজের ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছেন। যার অপব্যবহার হচ্ছে কলকাতা পুলিশে। অতীতে কলকাতা পুলিশে স্বল্পকাল কাজের অভিজ্ঞতা রয়েছে বর্তমান সিপি অজয় নন্দার। ফলে তিনি অফিসারদের তেমন চেনেন না। এরই সুযোগ নিয়ে চলেছেন সিপির অফিসের ‘এসএসবি গ্যাং’-এর এক অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং সেন্ট্রাল রিজার্ভ অফিসের এক ওসি। অভিযোগ উঠছে, এই দু’জনই সিপিকে ভুল পথে চালিত করছেন। 
  • Link to this news (বর্তমান)