নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আন্তর্জাতিক বাজারে অশোধিত জ্বালানি তেলের (ক্রুড) দাম কমছে। কিন্তু রেশনে কেরোসিন তেল (পিডিএস) বিক্রির দাম জুলাইতে অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় সরকার। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিপো থেকে সরবরাহ করা প্রতি কিলোলিটার পিডিএস কেরোসিনের জুলাই মাসের ইস্যু প্রাইস ঘোষণা করেছে ৫৫ হাজার টাকার আশপাশে। ইস্যু প্রাইসের উপর রাজ্য খাদ্যদপ্তর রেশনের কেরোসিনের খুচরো বিক্রয় মূল্য ধার্য করে পরিবহণ খরচ, ডিলার-হোলসেলারদের কমিশন, জিএসটি প্রভৃতি যুক্ত করে। কেরোসিন ডিলারদের সংগঠনের সাধারণ সম্পাদক অশোক গুপ্ত জানিয়েছেন, কলকাতা ও আশপাশে খুচরো দাম লিটারে ৬৪-৬৫ টাকা থাকবে। দূরের জেলাতে দাম কিছুটা বেশি হবে। দাম বেশি হওয়ার জন্য বহু গরিব মানুষ রেশনের কেরোসিন কিনতে না পেরে কাঠকুড়ো জ্বালিয়ে রান্না করতে বাধ্য হচ্ছেন। তাই রাজ্যের কেরোসিনের কোটা আগের থেকে অনেক কমে গেলেও পুরো বরাদ্দ তোলা যাচ্ছে না।