• ঝড়বৃষ্টিতে মৃত কমপক্ষে ১৪, ধসের জেরে বন্ধ অনেক রাস্তা, বিশেষ সতর্কতা হিমাচলে
    এই সময় | ০৪ জুলাই ২০২৬
  • ঝড়বৃষ্টির জেরে কার্যত বিপর্যস্ত হিমাচল প্রদেশ। এখনও পর্যন্ত কমপক্ষে ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে। স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার (SEOC) সূত্রে খবর, ভারী বৃষ্টি, হড়পা বান ও একের পর এক ধসের জেরেই মৃত্যু হয়েছে ১৪ জনের। গত কয়েক দিনের মেঘভাঙা বৃষ্টি ও বন্যায় হিমাচল প্রদেশে প্রায় ১৬ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। দুর্যোগের কারণে বহু এলাকায় বিদ্যুৎ ও জল সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে উদ্ধারকারী দল।

    সূত্রের খবর, শুক্রবার প্রবল বৃষ্টির জেরে কিন্নরের চোলিং এলাকায় হড়পা বান আসে। যার জেরে শিমলা-রেকং পিও জাতীয় সড়ক সাময়িক ভাবে বন্ধ রাখা হয়। ধ্বংসাবশেষ সরিয়ে ফের রাস্তা চালু হয়েছে। সূত্রের খবর, ধসের সময়ে ওই রাস্তা দিয়ে দু'টি গাড়ি যাচ্ছিল। তবে চালকদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। অন্য দিকে, রিব্বা এলাকায় হড়পা বানের কারণে রিব্বা-কান্দে সংযোগকারী রাস্তাতেও যান চলাচল বন্ধ রয়েছে আপাতত।

    চলতি মরশুমের ঝড়বৃষ্টির জেরে হিমাচল প্রদেশে এখনও পর্যন্ত ৪৯টি রাস্তা এবং ৩টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। গত তিন দিনে সেখানে ৩০.৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ১০৬ শতাংশ বেশি। কিন্নর জেলায় তিন দিনে ১৮.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ৪২৩ শতাংশ বেশি। লাহুল, স্পিতি-সহ হিমাচলের একাধিক জেলায় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টি হয়েছে।

    IMD জানিয়েছে, ১২ জুলাই পর্যন্ত হিমাচলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ইতিমধ্যেই সেখানে ভারী বৃষ্টির কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। যার জেরে স্থানীয়দের বিশেষ ভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)