আজকাল ওয়েবডেস্ক: দলের অভ্যন্তরে ঝড় চলছে। দলের মালিকানা কার তা নিয়ে টালমাটাল পরিস্থিতি তৃণমূলের অভ্যন্তরে। ‘কালীঘাট তৃণমূল’ না ‘ঋতব্রত তৃণমূল’ দলের ব্যাটন কার হাতে থাকবে তা নিয়ে কয়েক দিন ধরেই টানাপোড়েন চলছে। এরই মাঝে ফেসবুকে একটি পোস্ট করেছেন তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি। একটি ছবি পোস্ট করেছেন। সেখানে লেখা বিকেল সাড়ে ৪টার সময় তিনি ফেসবুক লাইভে আসবেন। কী বার্তা দেবেন তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। দলীয় কোন্দল না বিজেপির বিরুদ্ধে বার্তা তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশনে গিয়ে বৈঠক সেরে কলকাতায় ফিরেই তৃণমূল কংগ্রেসের সাউথ ক্যানেল (মেট্রোপলিটন) কার্যালয়ের ‘দখল’ নেয় ঋতব্রত শিবির। তৃণমূল ভবনে’র গেটে ঝোলানো হয় নতুন তালা, আর চাবি চলে গেল ‘বিদ্রোহী’ শিবিরের অন্যতম মুখ আখরুজ্জামান আনসারির হাতে। কার্যালয়ের গেটে পড়েছে ‘মমতাহীন’ নতুন পোস্টার, যেখানে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির কোনও ছবি নেই। সেখানে চেয়ারপার্সন হিসেবে স্পষ্ট অক্ষরে জ্বলজ্বল করছে শুধুমাত্র অরূপ রায়ের নাম।
এখানেই শেষ নয়। শনিবার আরও বড় ধাক্কা খেয়েছেন মমতা। শনিবার তৃণমূলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। দলীয় অ্যাকাউন্ট পরিচালনায় দায়িত্ব থেকেও অব্যাহতি চেয়েছেন তিনি। নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধিত্ব করার যে দায়িত্ব তাঁর ছিল, তাও ছেড়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।
কালীঘাটে জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে সুব্রত বক্সির জায়গায় নতুন রাজ্য সভাপতি করা হয় চন্দ্রিমা ভট্টাচার্যকে। গত ৩ জুন রাজ্য সভানেত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে প্রায় প্রত্যেকদিনই নিয়ম করে মেট্রোপলিটানে তৃণমূলের পার্টি অফিসে যেতেন চন্দ্রিমা। শুক্রবারও গিয়েছিলেন। জানা গিয়েছে, চন্দ্রিমার উপস্থিতিতেই তৃণমূলের ‘বিদ্রোহী’ গোষ্ঠীর নেতা ঋতব্রত ভট্টাচার্যরা ওই পার্টি অফিসে ঢোকেন। এরপরই পার্টি অফিস ছাড়েন চন্দ্রিমা। সূত্রের খবর, ওই ঘটনার পরই চন্দ্রিমা ভট্টাচার্যের প্রতি ক্ষুব্ধ হন মমতা ব্যানার্জি। ঘনিষ্ঠ মহলে নাকি মমতা দাবি করেন, চন্দ্রিমাই নাকি তৃণমূল ভবন তুলে দিয়েছেন ‘ঋতব্রত শিবির’-এর হাতে। এতেই নেত্রীর প্রতি অসন্তুষ্ট চন্দ্রিমা। তারপরই দলের সব পদ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।
এই সাঁড়াশি চাপে দলের কর্মীদের প্রতি কি কোনও বার্তা দেবেন মমতা নাকি পরিচিত ভঙ্গিতে জোড়ালো রাজনৈতিক বার্তা দেবেন সেদিকে নজর থাকবে সকলের।