• আর্জেন্টিনার অবস্থা এখন তৃণমূলের মতো: দিলীপ
    আজকাল | ০৪ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ফুটবল বিশ্বকাপে ইতিহাস সৃষ্টি করেছে আফ্রিকার ছোট দেশ কেপ ভার্দে। গতবারের বিশ্বজয়ী আর্জেন্টিনার বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে ১২০ মিনিট লড়াই করেছে পাঁচ লক্ষ মানুষের দেশটি। ১২০ মিনিট আর্জেন্টিনাকে পুরো নিঙড়ে নিয়েছে ভোজিনহারা। যতদিন ফুটবল থাকবে, ততদিন কেপ ভার্দের এই দুর্দান্ত লড়াইও মনে রাখবে ফুটবলবিশ্ব। অনামী কেপ ভার্দের কাছে হোঁচট খেতে খেত বেঁচে যাওয়ায় আর্জেন্টিনার কতদূর এগোতে পারবে তা নিয়ে সন্দিহান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর কথায়, “আর্জেন্টিনার অবস্থা এখন তৃণমূলের মতো।” 

    নিজে একজন একনিষ্ঠ আর্জেন্টিনার সমর্থক। নিজের প্রিয় দলের খেলায় খুশি নন মন্ত্রী। শনিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে তাঁকে আর্জেন্টিনার পারফর্ম্যান্স নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয়। উত্তরে মন্ত্রী বলেন, “আর্জেন্টিনার বিশ্ববিখ্যাত বিশ্বচ্যাম্পিয়ন দল। তাদের অবস্থা এখন তৃণমূলের মতো। যে তৃণমূলের কথায় গাছের পাতা নড়ত, সূর্য উঠত। সেই তৃণমূল দুই দলে ভাগ হয়ে অফিস দখলের লড়াইয়ে নেমেছে। আর্জেন্টিনা সম্পর্কে আমাদের খুব উচ্চ ধারণা ছিল। সবাই ভাবছিল বিরাট শক্তিশালী দল। অজ্ঞাত কুলশীল দেশ তাদের চ্যালেঞ্জের মুখে ফেলে দিল। এটা খুব চিন্তার বিষয়।” 

    তিনি আরও বলেন, “তবে এটা ঠিক, যে দল বিশ্বকাপের মূল পর্বে পৌঁছেছে সেই দল হেলাফেলার নয়। এরকম অনেক দেশ আছে যারা ফুটবলে তারা অনেক এগিয়ে থেকেও খেলার সুযোগ পায় না। নতুন দল আসুক। প্রত্যেকবার বিশ্বকাপে কিছু না কিছু অঘটন হয়। আমি এখনও অঘটনের আশায় আছি।”

    এরপরেই এক সাংবাদিক বলে ওঠেন যে, তৃণমূল এবং আর্জেন্টিনা দুই দলের রঙই তো নীল সাদা। দিলীপ সেই প্রসঙ্গে বলেন, “হ্যাঁ। বাবুল সুপ্রিয় গান গেয়েছিলেন নীল সাদা রঙ মুছে ফেল। লোকে সেই কাজটাই করছে। আমি তো আজকের খেলা দেখার পর বাবুল সুপ্রিয় কে খুঁজছি। নতুন গান লিখেছেন কি না জানতে চাই।”

     
  • Link to this news (আজকাল)