গ্রেপ্তারির আশঙ্কা! ‘আমাকে ধরলে আরও ১০০ জন স্বেচ্ছায় গ্রেপ্তার হবেন’, হুঙ্কার হুমায়ুনের
প্রতিদিন | ০৪ জুলাই ২০২৬
স্যাঁটা মন্তব্যের জেরে হওয়া মামলায় হাজিরা দিলেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর (Humayun Kabir)। আজ, শনিবার সকাল সাড়ে ১১টার আগেই রেজিনগর থানায় হাজিরা দেন তিনি। থানায় ঢোকার আগে হুমায়ুন জানান, “আমি গ্রেপ্তার হলে আরও ১০০-১২০ জন স্বেচ্ছায় গ্রেপ্তার হবেন, তালিকা প্রস্তুত রয়েছে।” তাহলে কি বিতর্কিত মন্তব্য মামলায় গ্রেপ্তারির আশঙ্কা করছেন তিনি? উঠছে সেই প্রশ্নই।
গত ২৬ জুন রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির একটি সভা থেকে বিজেপির বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন হুমায়ুন। এই ঘটনায় বিধানসভায় দাঁড়িয়ে তাঁকে ‘সবক’ শেখানোর হুঁশিয়ারি দেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই এজেইউপি নেতার বিরুদ্ধে রেজিনগর ও শক্তিপুর থানায় অভিযোগ দায়ের হয়। এই ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় তলব করে পুলিশ। এছাড়াও তাঁর বিরুদ্ধে শক্তিপুর থানার ওসিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সেই মামলার গতকাল তাঁকে শক্তিপুর থানায় তলব করা হয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। আজ বিজেপির বিরুদ্ধে ‘স্যাঁটা’ মন্তব্যের মামলায় রেজিনগর থানায় হাজিরা দিলেন হুমায়ুন।
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর বিতর্কিত মন্তব্য-মামলায় আগেই আম জনতা উন্নয়ন পার্টির ৩ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা রেজিনগরের ওই সভার আয়োজক ছিলেন। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হুমায়ুনকে আজ সকাল সাড়ে ১১ টায় রেজিনগর থানায় তলব করা হয়। সময়ের ৩ মিনিট আগেই হাজিরা দেন তিনি। জানা গিয়েছে, এদিন সকাল থেকে রেজিনগর থানার অদূরে আম জনতা উন্নয়ন পার্টির কার্যালয়ের সামনে জমায়েত করে রয়েছেন দলের কর্মীরা। রেজিনগর থানার বাইরে ড্রোন উড়িয়ে নজরদারি চালাচ্ছে পুলিশ।