• কাঁচরাপাড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা! প্রাণ হারালেন প্রধানমন্ত্রী পুরস্কারপ্রাপ্ত কৃতি ছাত্রী
    News18 বাংলা | ০৪ জুলাই ২০২৬
  • : কাঁচরাপাড়ায় মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রধানমন্ত্রী পুরস্কারপ্রাপ্ত কৃতি ছাত্রী ঋত্বিকা সাহা। জোনপুর রবীন্দ্রনগরের বাসিন্দা ঋত্বিকা। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা কাঁচরাপাড়া জুড়ে। জানা গিয়েছে, পুরনো পোস্ট অফিসের সামনে একটি স্কুটিতে ঋতিকা-সহ আরও এক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি আসা একটি দ্রুতগতির বাইকের সংঘর্ষ হয়। তীব্রগতিতে ধাক্কার জেরে দু’জনই রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতর জখম হন। রক্তাক্ত অবস্থায় ঋত্বিকা সাহা-সহ আরেক আহতকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঋতিকাকে কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই শনিবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

    এলাকাবাসীদের কথায়, ঋত্বিকা সাহা কাঁচরাপাড়ার গর্ব ছিলেন। আইটিআই-র মেশিনিস্ট ট্রেডে ১২০০-র মধ্যে ১২০০ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছিলেন তিনি। সেই অসামান্য সাফল্যের জন্য দেশের প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কারও গ্রহণ করেছিলেন। এমন এক মেধাবী ছাত্রীর অকাল মৃত্যুতে শোকোস্তব্ধ গোটা এলাকা। এদিকে, দুর্ঘটনার মুহূর্তের একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

    ঘটনা প্রসঙ্গে কাঁচরাপাড়ার বিধায়ক সুদীপ্ত দাস বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। গোটা শহরের মন খারাপ। এত অল্প বয়সে এমন প্রতিভাবান একটি মেয়ের চলে যাওয়া মেনে নেওয়া কঠিন। ঋত্বিকার হাত ধরেই কাঁচরাপাড়া আরও গর্বিত হতো, সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত হলাম। পাশাপাশি তিনি হেলমেট ব্যবহারের উপর জোর দিয়ে বলেন, হয়ত হেলমেট থাকলে পরিস্থিতি অন্যরকম হতে পারত। প্রশাসনের পক্ষ থেকেও নিয়মিত হেলমেট ব্যবহারের বিষয়ে সচেতনতা প্রচার চালানো হচ্ছে দুই চাকায় পথ দুর্ঘটনা এড়াতে।

    জিলাপ প্রশাসনের তরফে পথ দুর্ঘটনা কমানোর জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি চালানো হলেও, শহরের বিভিন্ন রাস্তা অলিগলিতে যত্রতত্র বাইক আরোহীরা হেলমেট বিহীন অবস্থায় চলাচল করছেন। তার ফলেই দুর্ঘটনার সম্মুখীন হলে শরীরের উপরের অংশে আঘাতপ্রাপ্ত হয়ে বহু সময় প্রাণহানি মতো ঘটনাও ঘটছে।
  • Link to this news (News18 বাংলা)