নোনাজলের দাপট এবার শেষ, আবার লাঙল নামবে মাঠে! বড় প্রজেক্টে বদলাবে ভাগ্য
News18 বাংলা | ০৪ জুলাই ২০২৬
তিনটি কার্লভাট সংস্কারে চাষের সুবিধা হবে জুমাই নস্কর হাট পরবর্তী এলাকাতে। এখানে এই কার্লভাটগুলি বসানোয় নোনাজল আর চাষের জমিতে প্রবেশ করতে পারবে না। দিনের পর দিন এই এলাকায় নোনাজল প্রবেশ করায় চাষ বন্ধ ছিল। তবে এবার আর নোনা জল আসতে পারবে না। নদীর বাঁধের ওপর দিয়ে চলে গিয়েছে রাস্তা। রাস্তাটিও এরফলে বেহাল হয়ে পড়েছিল।
এ নিয়ে কাকদ্বীপের বিধায়ক তথা মন্ত্রী দীপঙ্কর জানা জানান, শেষ মুহূর্তে এসে কাজ শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি এই কাজ শেষ হবে। বাঁধটিও মজবুত হবে। ফলে ঢোলা-নিশ্চিন্তপুর যোগাযোগ আরও উন্নত হবে। সেই লক্ষ্যেই চলছে কাজ। এই রাস্তার ওপর নির্মিত হচ্ছে ৩ টি কালভার্ট। খরচ হচ্ছে প্রায় ১৬ কোটি টাকার ওপর। দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ ও কুলপি বিধানসভার মধ্যে দিয়ে যাওয়া এই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ।
জুমাইনস্কর হাট থেকে নিশ্চিন্তপুর ১১৭ নং জাতীয় সড়কে মিশেছে এই রাস্তা। দীর্ঘদিন ধরে এই রাস্তা ছিল দুর্ভোগের আর এক নাম, আজ সেখানে বদলের হাওয়া। প্রায় কুড়ি বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে জুমাই নস্কর সংলগ্ন মাত্র ৫০০ মিটারের মধ্যে শুরু হয়েছে তিনটি অত্যাধুনিক কালভার্ট নির্মাণের কাজ। যাতে বসছে স্লুইস গেট। এখান থেকেই বর্ষা এলেই বিপদের আশঙ্কা বেড়ে যেত কয়েকগুণ।