লাইনে দাঁড়িয়ে অপেক্ষার দিন কী এবার শেষ? লক্ষ লক্ষ ভক্তের জন্য 'হাই-টেক' পরিকল্পনা জল্পেশ মেলায়
News18 বাংলা | ০৪ জুলাই ২০২৬
ভিড় সামলাতে স্মার্ট প্ল্যান! হাই – টেক স্পর্শে হবে লম্বা লাইনের অবসান! জল্পেশ শ্রাবণী মেলায় এবার ‘স্মার্ট’ প্রবেশের ইঙ্গিত। ভক্তদের ভিড়, দীর্ঘ লাইনে অপেক্ষা প্রতি বছর জল্পেশ শ্রাবণী মেলার চেনা ছবি। তবে এবার সেই ছবি বদলাতে চলেছে। পুণ্যার্থীদের স্বস্তি দিতে জল্পেশ মন্দিরে প্রবেশের জন্য চালু হতে পারে অনলাইন টিকিট ব্যবস্থা। প্রশাসন সূত্রে এমনই ইঙ্গিত মিলেছে। যা ঘিরে ইতিমধ্যেই জনসাধারণের কৌতূহল তুঙ্গে।
আগামী ১৯ জুলাই থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী জল্পেশ শ্রাবণী মেলা। তিস্তার তীরে এই মেলা মানেই লাখো ভক্তের ঢল। সেই ভিড় সামাল দিতে এবং সময় বাঁচাতে ডিজিটাল টিকিট ব্যবস্থার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার ঝক্কি অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবার টিকিট মূল্যও কিছুটা কমানোও হতে পারে বলেও মিলেছে ইঙ্গিত। আগের ৫০ টাকার বদলে ৪০ টাকায় প্রবেশের সুযোগ মিলতে পারে বলে খবর।
যদিও তিস্তা সেতু সংলগ্ন এলাকায় আলাদা টিকিট চালু হবে কি না, তা এখনও চূড়ান্ত নয়। স্থানীয় কমিটির একাংশ অবশ্য অতিরিক্ত টিকিটের বিরোধিতা করছেন। টিকিটের পাশাপাশি পুণ্যার্থীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবেও একাধিক পরিষেবার পরিকল্পনা করা হয়েছে। যাত্রাপথে স্বাস্থ্য শিবির, বিশ্রামের জায়গা, খাবারের ব্যবস্থা – সব মিলিয়ে ভক্তদের জন্য থাকছে বাড়তি সুবিধা। এরইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। ইতিমধ্যেই মন্দির চত্বর ও তিস্তা নদীর তীর সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে।
আলো, সাজসজ্জা আর প্রস্তুতির ছোঁয়ায় উৎসবের আবহ তৈরি হতে শুরু করেছে চারদিকে। এরই মাঝে শোনা যাচ্ছে, এবারের উদ্বোধনে মুখ্যমন্ত্রীও উপস্থিত থাকতে পারেন। ভিড়ের চাপ সামলাতে প্রযুক্তির ছোঁয়া এনে এবার আরও খানিক সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক করে তোলার চেষ্টাতেই এই উদ্যোগ। ভক্তদের নিরাপদ ও নির্বিঘ্ন দর্শন নিশ্চিত করতে প্রশাসনের এই উদ্যোগ কতটা সফল হয়, এখন সেটাই দেখার। তবে নতুন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে পুণ্যার্থীদের অভিজ্ঞতায় যে বড় পরিবর্তন আসতে চলেছে, তা কিন্তু বলাই যায়