যানজটের দফারফা করতে মাস্টারপ্ল্যান, এবার শহরে নতুন ঝাঁ চকচকে বাস টার্মিনাল
News18 বাংলা | ০৪ জুলাই ২০২৬
দীর্ঘ দিনের যানজট সমস্যা থেকে শহরবাসীকে রেহাই দিতে অবশেষে মেদিনীপুরে দ্বিতীয় বাস টার্মিনাল তৈরির উদ্যোগ নিল প্রশাসন। ইতিমধ্যেই এই নতুন টার্মিনাল নির্মাণের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই মেদিনীপুরবাসী নতুন এই বাস টার্মিনালের সুবিধা পেতে চলেছেন, যা শহরের সার্বিক পরিবহণ ব্যবস্থায় একটি ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে।
বর্তমানে মেদিনীপুর শহরের একেবারে প্রাণকেন্দ্রে রয়েছে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড। সমস্ত রুটের বাস এই একটি স্ট্যান্ড থেকে যাতায়াত করার ফলে শহরের মূল রাস্তায় নিত্যদিন তীব্র যানজটের সৃষ্টি হয়। নাকাল হতে হয় পথচলতি সাধারণ মানুষকে। এই ভোগান্তি দূর করতে শহরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি বিকল্প বাস টার্মিনালের। সেই দাবি মেনেই প্রশাসনের এই নতুন পদক্ষেপ। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নতুন এই দ্বিতীয় বাস টার্মিনালটি মূলত দূরপাল্লার বাসগুলির জন্য ব্যবহার করা হবে। অন্যদিকে, শহরের বর্তমান কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে চলবে কেবল লোকাল বাসগুলি। এর ফলে শহরের ভেতরের রাস্তায় বাসের চাপ অনেকটাই কমবে।
এই প্রকল্পকে বাস্তবায়িত করতে ইতিমধ্যেই জমি খোঁজার কাজ শুরু হয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ পরিবহণ পরিকাঠামো উন্নয়ন নিগম বা ডাব্লুবিটিআইডিসিএলের ইঞ্জিনিয়াররা মেদিনীপুর শহরে এসে দ্বিতীয় বাস টার্মিনালের জন্য সম্ভাব্য জায়গাগুলি সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শক দলে ইঞ্জিনিয়ারদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শংকর গুছাইত। এছাড়াও, ভূমি ও ভূমি সংস্কার দফতর, মেদিনীপুর পুরসভা এবং আঞ্চলিক পরিবহণ দফতরের প্রতিনিধিরাও এই পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় বাস টার্মিনাল তৈরির জন্য আপাতত মেদিনীপুর শহরের হেলিপ্যাডের পেছনের মাঠ সংলগ্ন দু’টি জায়গাকে প্রাথমিক ভাবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে একটি হল জামতলার মাঠ এবং অপরটি হল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস ডিপোর পিছনের ফাঁকা মাঠ। সম্প্রতি প্রশাসনিক কর্তারা এই দু’টি জায়গা ঘুরে দেখেন। এখন এই পরিদর্শনের ভিত্তিতে একটি রিপোর্ট তৈরি করা হবে। সেই রিপোর্ট খতিয়ে দেখার পরেই জায়গার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং তার কিছুদিনের মধ্যেই নির্মাণ কাজ শুরু হবে বলে প্রশাসন সূত্রে খবর।