অস্ট্রেলিয়া সফরের আগে নরেন্দ্র মোদীকে প্রাণনাশের হুমকি ঘিরে সরগরম গোটা বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় একটি কমেন্টে ওই হুমকি দেওয়া হয়েছে, সেটা সামনে আসার পরেই প্রবল আলোচনা শুরু হয়েছে। ‘দ্য অস্ট্রেলিয়া টুডে’র রিপোর্ট অনুযায়ী, ওই কমেন্ট সামনে আসতেই অস্ট্রেলিয়া প্রশাসন তদন্ত শুরু করেছে।
মেলবোর্নে মোদীর সফরের অনুষ্ঠানের বিষয় জানাতে একটি ফেসবুক পোস্ট করা হয়েছিল। ৯ জুলাই মেলবোর্নের মার্ভেল স্টুডিওতে ওই অনু্ষ্ঠান হওয়ার কথা। সেই পোস্টের কমেন্ট সেকশনে দেখা গিয়েছে এই হুমকি-কমেন্ট।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকে ওই কমেন্ট করা হয়েছে ‘আবু মুস্তাফা’ নামে একটি অ্যাকাউন্ট থেকে। সেখানে লেখা রয়েছে, ‘স্টেডিয়ামের ছাদগুলি বন্ধ করে দেওয়া হলে ভালো হবে, নয়তো তিনি নিজের মৃত্যুর জন্যই অস্ট্রেলিয়া আসবেন।’
তদন্তকারীরা ইতিমধ্যেই ওই ফেসবুক অ্যাকাউন্টের খোঁজ করতে শুরু করেছেন। আইপি অ্যাড্রেস ধরে খোঁজ শুরু হয়েছে। সংবাদমাধ্যম সূত্রের খবর, অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের তরফে এখনও কোনও গ্রেপ্তারির খবর আসেনি। এই তদন্ত নিয়েও কোনও বক্তব্য রাখা হয়নি পুলিশের তরফে। তবে গোটা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। অস্ট্রেলিয়ার একাধিক নিরাপত্তা এজেন্সি বিষয়টি নিয়ে খোঁজ শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের নিরাপত্তা কাঠামোর দিকেও নজর দেওয়া হচ্ছে।