অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে কমিটি তৈরি হয়েছে, সেই রিপোর্ট আসার পরে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে, স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আলিপুরে একটি সভায় এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।
ইতিমধ্যেই বিএনএস চালু হয়েছে রাজ্যে। রাজ্যে জনগণনার কাজ শুরু হয়েছে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পরে। গুন্ডাদমন আইনের উল্লেখও করলেন মুখ্যমন্ত্রী। ব্যবসা-বাণিজ্যে যাতে সমস্যা না হয়, তার জন্য গুন্ডাদের আইনের আওতায় আনার জন্য এই পদক্ষেপ করা হয়েছে বলে জানালেন তিনি। ওই সভাতেই মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘সব ধর্ম পালন করো, রাস্তা বন্ধ করো না।’
সভা থেকে বাম ও তৃণমূল আমলকে একসারিতে রেখে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন রাজ্যে লগ্নির পরিস্থিতি তৈরির জন্য সবরকম পদক্ষেপ করা হচ্ছে বলে জানান তিনি। যাঁরা লগ্নি করবেন, তাঁদের জন্য ইনসেন্টিভ দেবে রাজ্য, জানিয়েছন মুখ্যমন্ত্রী। যাঁরা ছোট পুঁজি নিয়ে ব্যবসা করতে চান, তাঁদের জন্য বিশেষ করে পদক্ষেপের কথা জানিয়েছেন তিনি।
সাগরমালা ২ প্রকল্পে নাম লিখিয়েছে রাজ্য। বাংলায় নতুন বন্দর এবং ছোট বিমানবন্দর তৈরির প্রকল্পও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তাঁর বক্তব্যে উঠে এসেছে অনুপ্রবেশকারীদের কথা। বেআইনিভাবে ভারতে আসা ভিনদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলবে বলে জানান তিনি।