আজকাল ওয়েবডেস্ক: মামী-ভাগ্নের সম্পর্কের করুণ পরিণতি! বসিরহাটে একসঙ্গে উদ্ধার দুই দেহ। তদন্ত শুরু পুলিশের। উত্তর ২৪ পরগনার বসিরহাটে চাঞ্চল্য ছড়িয়েছে মামী ও ভাগ্নের এই রহস্যমৃত্যুর ঘটনায়।
পারিবারিক সম্পর্কের গণ্ডি পেরিয়ে একসঙ্গে নতুন জীবন শুরু করার স্বপ্ন শেষ পর্যন্ত মর্মান্তিক পরিণতিতে পৌঁছল। মৃতরা হলেন ৩২ বছরের দেবাশিস মণ্ডল এবং ৩৩ বছরের রুনু মণ্ডল। সম্পর্কে তাঁরা মামী ও ভাগ্নে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৪ বছর আগে বনগাঁয় রুনুর বিয়ে হয়। পরে বাপের বাড়ি বসিরহাটের ট্যাটরা এলাকায় আসার পর ভাগ্নে দেবাশিসের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে। বিষয়টি জানাজানি হতেই দুই পরিবারের মধ্যে তীব্র অশান্তির সৃষ্টি হয়। প্রায় এক মাস আগে তাঁরা বাড়ি ছেড়ে বসিরহাটের ময়লাকোলা এলাকায় একটি ভাড়া বাড়িতে একসঙ্গে থাকতে শুরু করেন।
শনিবার সকালে বসিরহাট এলাকা থেকে উদ্ধার হল দু'জনেরই নিথর দেহ। ৩২ বছরের দেবাশিস মণ্ডল এবং তাঁর সঙ্গে থাকা ৩৩ বছরের রুনু মণ্ডলের রহস্যমৃত্যুতে হতবাক সকলেই। সম্পর্কে তাঁরা মামী ও ভাগ্নে। দেবাশিসের পরিবারের অভিযোগ, ঘর ছাড়লেও শান্তিতে ছিলেন না দেবাশিস। সম্প্রতি বাবাকে ফোন করে বাড়ি ফেরার আকুতিও জানিয়েছিলেন তিনি।
তাঁদের দাবি, শুক্রবার রাতে রুনু নিজের বাবাকে ফোন করে জানান যে, তিনি দেবাশিসকে একেবারে সরিয়ে দিয়েছেন এবং এবার নিজের জীবন শেষ করতে চলেছেন। রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় মহিলার দেহ আর ঘর থেকে উদ্ধার হয় ওই যুবকের দেহ। এই ঘটনায় রুনুর পরিবারের তরফ থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি। পুলিশ দু'টি দেহই ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে। অনুমান, দেবাশিসকে খুন করে আত্মঘাতী হয়েছেন ওই মহিলা।