• শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মতিথিতে কী কী পরিকল্পনা
    আজকাল | ০৫ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রথম ১২৫তম জন্মতিথি। গোটা রাজ্যজুড়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মতিথি উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে বঙ্গ বিজেপির। শুধু রাজ্য বিজেপি নয়, গোটা দেশ জুড়েই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মতিথি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি রয়েছে। 

    ছ'নম্বর মুরলিধর লেন সেজে উঠছে, আগামী ৬ জুলাই ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মতিথি উপলক্ষে। এই প্রথমবার শ্যামাপ্রসাদের রাজ্যে তাঁরই অনুসারী দলের সরকার গঠিত হয়েছে। বিজেপি সরকার গঠনের পর এই প্রথম ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মতিথি, তাই এই অনুষ্ঠানকে বর্ণময় করে রাখতে চাইছে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নিজে উপস্থিত থাকবেন। 

    এছাড়াও ৬ নম্বর মুরলিধর লেনে দিনভর বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে। 

    সকাল দশটায় বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাবেন। এরপর ১২৫ জন মহিলা লাল পাড় সাদা শাড়ি পরে, ৬ নম্বর মুরলিধর লেন থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় পর্যন্ত শঙ্খধ্বনির মাধ্যমে পরিক্রমা করবেন, আবার সেখান থেকে ফিরে আসবেন। সূত্রের খবর, আগামী সোমবার সবকিছু ঠিক থাকলে প্রথমবার মুরলিধর লেনের রাজ্য বিজেপির যে পুরোনো দপ্তর, সেখানে পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী।

    পাশাপাশি বিজেপির যাঁরা কর্মী সমর্থক রয়েছেন, ১২৫জন কর্মীকে সংবর্ধনা দেওয়া হবে। পাশাপাশি মন্ত্রীদের সংবরূ দেওয়া হবে, এমনটাই বিজেপি সূত্রে খবর। ইতিমধ্যেই ৬ নম্বর মুরলিধর লেনে আগামী ৬ জুলাই নিয়ে প্রস্তুতি তুঙ্গে।

    এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, 'প্রত্যেক বিজেপি কর্মীর কাছে এটা অত্যন্ত আনন্দের বিষয়। পশ্চিমবঙ্গ বা সুদূর লাদাখের বিজেপি কর্মী, যাঁরা বিজেপি করেছেন, যেসব কর্মী আমাদের মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, তাঁদের কাছে উল্লেখযোগ্য দিন।' তিনি জানিয়েছেন, 'আমরা অত্যন্ত উৎসাহের মধ্য দিয়ে এই দিনটি পালন করছি। এত দিন শ্যামাপ্রসাদকে পাঠ্যপুস্তক-সহ বিভিন্ন জায়গায় ব্রাত্য করে রাখা হয়েছিল। আজ শ্যামাপ্রসাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর শ্যামাপ্রসাদ চর্চিত হচ্ছেন। এই প্রজন্ম বুঝতে পারছে আজকের দিনে যে তাঁরা ভারতীয় বলে পরিচয় দিতে পারছেন, তার একমাত্র কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।'

    শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মতিথি উপলক্ষে ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভিত্তি স্থাপন করা হবে। শনিবার সেখানে পরিদর্শনে যান পূর্তমন্ত্রী অজয় পোদ্দার ও পূর্ত দপ্তরের সচিব অন্তরা আচার্য।
  • Link to this news (আজকাল)