'পুলিশ ভদ্রভাবে আচরণ করলে...' জিজ্ঞাসাবাদ শেষে থানা থেকে বেরিয়ে কী বললেন হুমায়ুন?
News18 বাংলা | ০৫ জুলাই ২০২৬
বিতর্কিত মন্তব্যের জন্য শনিবার সকালে রেজিনগর থানায় হাজিরা দেন হুমায়ুন কবীর। তিনি জানান, তদন্তের জন্য ১৪ তারিখ ফের ডাকা হয়েছে, সেই সঙ্গে আরও জানান, ১০ পাতা প্রশ্নমালা রাখা হয়েছিল হুমায়ুনের জন্য।
থানা থেকে বেরিয়ে ফের হুঙ্কার দেন হুমায়ুন। তিনি বলেন, “আমি ডিজির কাছে ৩ দিন আগে মেল করেছি কতগুলো fir আছে আমায় জানতে”। তদন্তে সহযোগিতা করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, “পুলিশ ভদ্রভাবে আচরণ করলে সহযোগিতা করব, কেউ বাপ তুলে গাল দিলে আমি যাব না”।
উসকানিমূলক মন্তব্যের অভিযোগে পর পর দুই থানা থেকে হাজিরার নোটিস পৌঁছেছিল গত মঙ্গলবার। শক্তিপুর ও রেজিনগর থানার নোটিস পেয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টি সুপ্রিমো হুমায়ুন কবীর। তবে গতকাল শক্তিপুরের হাজিরা এড়ালেও আজ রেজিনগর থানার হাজিরায় হুমায়ুন কবীর। থানায় ঢোকার আগে আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর বলেন, “আমি গ্রেপ্তার হলে আরও ১০০-১২০ জন স্বেচ্ছায় গ্রেপ্তার হবেন, তালিকা প্রস্তুত রয়েছে।”
তাঁর হাজিরাকে ঘিরে থানা চত্বরে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। রেজিনগর থানার পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও। থানার ভিতরে ও বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। তবে থানায় হাজিরা দেওয়ার আগে প্রস্তাবিত বাবরি মসজিদ এলাকায় যান হুমায়ুন কবীর। তাঁকে যদি গ্রেফতার করা হয়, তিনি জানিয়েছেন বেশ কিছু দলীয় কর্মীদের নাম তিনি রেডি করেছেন তাদেরকেও গ্রেফতার করতে হবে।