রাতের যশোর রোডে ছড়িয়ে শতাধিক অ্যান্ড্রয়েড মোবাইল ফোন! ভাইরাল ভিডিও তদন্তে পুলিশ
News18 বাংলা | ০৫ জুলাই ২০২৬
: যশোর রোডে ছড়িয়ে-ছিটিয়ে শতাধিক মোবাইল ফোন, রহস্য ঘিরে চাঞ্চল্য বনগাঁয়। ভোরের আলো ফোটার আগেই উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কালুপুর মেদিয়াপাড়া এলাকার যশোর রোডে নজরে আসে এক অস্বাভাবিক দৃশ্য। জাতীয় সড়কের উপর ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে শতাধিক অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। এর মধ্যে বহু মোবাইল আবার দ্রুতগতির গাড়ির চাকায় পিষ্ট হয়ে ভেঙে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় পথচারীরা প্রথম ঘটনাটি দেখতে পান। এরপরই বনগাঁ থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোবাইল ফোনগুলি উদ্ধার করে তদন্ত শুরু করেছে। এত সংখ্যক মোবাইল ফোন একসঙ্গে কীভাবে জাতীয় সড়কে এসে পড়ল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। স্থানীয়দের একাংশের অনুমান, এগুলি চুরি হওয়া মোবাইল ফোন হতে পারে। আবার কারও মতে, অন্য কোনও অসাধু উদ্দেশ্যে বা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য মোবাইলগুলি নিয়ে যাওয়া হচ্ছিল কি না, তাও খতিয়ে দেখা প্রয়োজন।
তদন্তকারীরা জানিয়েছেন, উদ্ধার হওয়া প্রতিটি মোবাইল ফোনের তথ্য, আইএমইআই নম্বর এবং অন্যান্য ডিজিটাল ডেটা খতিয়ে দেখা হবে। মোবাইলগুলির উৎস, মালিকানা এবং কীভাবে সেগুলি যশোর রোডে এসে পড়ল, তা জানার চেষ্টা চলছে। স্থানীয়দের অনেকেই মনে করছে, কোনও ট্রাক বা লরিতে করে এগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় কোনওভাবে রাস্তায় পড়ে গিয়েছে এই মোবাইল ফোনগুলি। তবে এত মোবাইল ফোন একসঙ্গে কীসের জন্য কী কারণে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
ইতিমধ্যেই ঘটনার মুহূর্তের ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পুলিশি তদন্তের পরই পুরো ঘটনার প্রকৃত রহস্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে। সীমান্ত এলাকায় এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। রাতের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। সীমান্ত এলাকা হওয়ায় কিভাবে নিরাপত্তা এড়িয়ে এত মোবাইল নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া হচ্ছিল সে বিষয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। এখন দেখার প্রশাসন তদন্ত করে এর প্রকৃত রহস্য উদঘাটন করতে পারে কিনা।