• অনুব্রত-জীবনকৃষ্ণ-সহ ছ’জনের বিরুদ্ধে আদালতে মামলা
    দৈনিক স্টেটসম্যান | ০৫ জুলাই ২০২৬
  • চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, প্রাক্তন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা-সহ মোট ছ’জনের বিরুদ্ধে সিউড়ি সিজেএম আদালতে মামলা দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে সিউড়ি থানাকে তদন্ত করে আগামী ১৭ জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তবে অভিযোগের সত্যতা নিয়ে এখনও আদালত কোনও মন্তব্য করেনি।

    আদালত সূত্রে জানা গিয়েছে, সদাইপুর থানার সাহাপুর গ্রামের বাসিন্দা কল্যাণ ঘোষ গত ১১ জুন আদালতে অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হলেও প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। অভিযোগপত্রে প্রসেনজিৎ ঘোষ, তন্দ্রা ঘোষ ও উত্তম ঘোষের নাম রয়েছে। পাশাপাশি আরও তিনজনের নামও উল্লেখ করা হয়েছে। সূত্রের খবর, তালিকায় রয়েছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, বড়ঞাঁর প্রাক্তন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবং বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি রাজা ঘোষের নাম।

    অভিযোগের পর আদালত সিউড়ি থানাকে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়। প্রথমে ১৯ জুন এবং পরে ২ জুলাই রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও পুলিশ তা দাখিল করতে পারেনি। এরপর বিচারক নতুন করে আগামী ১৭ জুলাইয়ের মধ্যে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

    সরকারি আইনজীবী মোক্তাব হোসেন জানান, অভিযোগ অনুযায়ী প্রসেনজিৎ ঘোষ, তন্দ্রা ঘোষ ও উত্তম ঘোষ বিভিন্ন তৃণমূল নেতার নাম ব্যবহার করে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছিলেন। তবে অভিযোগে অনুব্রত মণ্ডল বা জীবনকৃষ্ণ সাহার নাম রয়েছে কি না, সে বিষয়ে তিনি প্রকাশ্যে মন্তব্য করতে চাননি। এখন সিউড়ি থানার তদন্ত রিপোর্টের উপরই নির্ভর করছে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া ও আদালতের পরবর্তী সিদ্ধান্ত।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)