• সঞ্চয় প্রকল্পে কোটি টাকার প্রতারণার অভিযোগ, কোলাঘাট থানার দ্বারস্থ আমানতকারীরা
    দৈনিক স্টেটসম্যান | ০৫ জুলাই ২০২৬
  • সঞ্চয় প্রকল্পের নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। অভিযোগের তির এলাকার এক ক্লাবের সভাপতি তথা কোলাঘাট পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সুরজিৎ মান্নার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে কষ্টার্জিত অর্থ জমা রেখেও মেয়াদ শেষে টাকা ফেরত না পাওয়ায় ক্ষুব্ধ আমানতকারীরা কোলাঘাট থানার দ্বারস্থ হয়েছেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    শনিবার কোলাঘাট থানার দেড়িয়াচক গ্রামের পশ্চিম মহল এলাকার একটি ক্লাবে জড়ো হন বহু আমানতকারী। সেখানে তাঁরা অভিযোগ করেন, ভবিষ্যতের আর্থিক সুরক্ষার কথা ভেবে নিয়মিত সঞ্চয় প্রকল্পে টাকা জমা দিয়েছিলেন। কিন্তু সেই টাকা নির্ধারিত হিসাবে জমা পড়েনি। মেয়াদ পূর্ণ হওয়ার পর কিংবা প্রয়োজনের সময় টাকা ফেরত চাইলে নানা অজুহাতে তাঁদের ঘুরিয়ে দেওয়া হয়েছে।

    অভিযোগকারীদের দাবি, বর্তমানে প্রকল্প পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁদের অভিযোগের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন সুরজিৎ মান্না। স্থানীয়দের দাবি, তিনি এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা ছিলেন এবং কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্বও সামলেছেন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তিনি পদ থেকে ইস্তফা দেন। এরপর থেকেই তাঁকে এলাকায় দেখা যাচ্ছে না বলে অভিযোগ।

    বিক্ষোভকারীদের একাংশের দাবি, প্রয়োজনে ক্লাবের সম্পত্তি কিংবা অভিযুক্তদের ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে হলেও আমানতকারীদের টাকা ফেরানোর ব্যবস্থা করতে হবে। তাঁদের বক্তব্য, বহু সাধারণ মানুষ জীবনের সঞ্চয় এই প্রকল্পে বিনিয়োগ করেছিলেন। এখন সেই অর্থ ফেরত না পেয়ে তাঁরা চরম আর্থিক সংকটে পড়েছেন।

    পুলিশ সূত্রে খবর, অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগে কতটা সত্যতা রয়েছে এবং প্রকল্পে কত টাকার লেনদেন হয়েছে, তা তদন্তের পরই স্পষ্ট হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)