• প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মনোজ তেওয়ারির নামে থানায় লিখিত অভিযোগ, রাজনৈতিক মহলে জোর চর্চা
    এই সময় | ০৫ জুলাই ২০২৬
  • এ বার লিখিত অভিযোগ দায়ের হলো হাওড়ার শিবপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক মনোজ তিওয়ারি-র বিরুদ্ধে। রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ছাড়াও অভিযোগ দায়ের হয়েছে একাধিক তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে। শনিবার দাসনগর থানায় এই অভিযোগ দায়ের হতেই রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

    আগের দিনেই বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির অফিস এবং তার লাগোয়া একটি ক্লাবঘর থেকে। হাওড়ার বালটিকুরি এলাকার থেকে ওই সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার হয়। শুক্রবারের ওই সামগ্রী উদ্ধার নিয়েই অভিযোগ দায়ের করেছেন তরুণ মজুমদার নামে এক ব্যক্তি। অভিযোগকারী নিজেকে শিবপুর বিধানসভার একজন বিজেপি কর্মী বলে পরিচয় দিয়েছেন।

    মনোজ তিওয়ারির অফিস থেকে বেশ কিছু আপত্তিকর সামগ্রীও পাওয়া গিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সেই সঙ্গেই ৫০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার ত্রিলোকেশ মণ্ডলের বাড়ি থেকেও সরকারি সামগ্রী উদ্ধারের দাবি করা হয়েছে।

    তরুণ মজুমদারের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন বেআইনি কার্যকলাপ চলত। সেই কর্মকাণ্ডের নেতৃত্বে ছিলেন শিবপুরের প্রাক্তন বিধায়ক মনোজ তিওয়ারি ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীরা বলে দাবি তাঁর। পুরো বিষয়টি তদন্ত করে দেখার দাবিও জানিয়েছেন তিনি।

    মনোজ তিওয়ারি, ত্রিলোকেশ মণ্ডল, শিবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেন্দ্র শর্মা-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে উচ্চতর কর্তৃপক্ষের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপি নেতৃত্ব। সরকারি সামগ্রী বিতরণ না করে পরে বিক্রি করে দেওয়া হতো বলে দাবি করেছেন বিজেপির হাওড়া জেলা কমিটির সদস্য মনোজ গোস্বামী। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।

    বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হাওড়া সিটি পুলিশের ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) তৌসিফ আলি। তদন্তের পরেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি।

    এই নিয়ে মনোজ তিওয়ারির কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে  সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ত্রিলোকেশ মণ্ডল।

  • Link to this news (এই সময়)