গোরু চুরি করতে গিয়ে পুলিশের গুলিতে জখম এক। উত্তরপ্রদেশের সেকেন্দ্রাবাদে শনিবার গভীর রাতের ঘটনা। ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যেই একজনের পায়ে গুলি লেগেছে। তবে অভিযুক্তদের মধ্যে পলাতক এক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে দু’টি মোষ, একটি পিকআপ ভ্যান ও বেআইনি পিস্তল বাজেয়াপ্ত করেথে পুলিশ।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুরের অভিযোগ। ভাঙা হয়েছে গোপাল মুখোপাধ্যায়ের বেদিও। রবিবার সকালে সুকিয়া স্ট্রিটের ঘটনা। সূত্রের খবর, সোমবার (৬ জুলাই) শ্যামাপ্রসাদের জন্মদিনে ওই মূর্তির উদ্ধোধনের কথা ছিল। ঘটনায় আর্মহার্স্ট স্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।
শনিবার গভীর রাতে অগ্নিকাণ্ড দিল্লির চন্দন হোলা এলাকায়। রাত ২টো নাগাদ ওই এলাকার একটি কারখানায় আচমকা আগুন লেগে যায়। কারখানাটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কাছে অবস্থিত। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
ইরানের ধর্মীয়নেতা আয়াতোল্লা আলি খামেনেই এবং তাঁর আত্মীয়স্বজনদের শেষকৃত্যের আয়োজন করা হয়েছে। ইরান এবং ইরাকের বিভিন্ন শহরে ছ’দিন ধরে তাঁদের শ্রদ্ধা জানাবেন সাধারণ মানুষ। একাধিক দেশের প্রতিনিধিরাও অংশ নিয়েছেন খামেনেইয়ের শেষকৃত্যে। আগামী ৯ জুলাই খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হবে।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। যার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের তরফে ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা জারি করা হয়েছে কলকাতায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।