• দীর্ঘ অপেক্ষার অবসান, বেলঘরিয়া ব্রিজে পরীক্ষামূলক যান চলাচল শুরু
    এই সময় | ০৫ জুলাই ২০২৬
  • এই সময়, বেলঘরিয়া: দীর্ঘ কয়েক মাসের অপেক্ষার অবসান। অবশেষে শনিবার থেকে পরীক্ষামূলকভাবে যান চলাচল শুরু হলো বেলঘরিয়া ব্রিজে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে আগামী ১০ দিন ট্রায়াল–রান চলবে। এরপরে ‘লোড টেস্ট’ সফল হলে সব ধরনের যানবাহনের জন্য সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে ব্রিজটি। শনিবার এই খবর জানিয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্র্যাফিক বিভাগ।

    মেরামতির পরে প্রাথমিকভাবে বেলঘরিয়া ব্রিজের উপর দিয়ে মোটরবাইক, ব্যক্তিগত গাড়ি এবং বাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে আপাতত মালবাহী লরি ও ভারী পণ্যবাহী যানবাহনের উপরে নিষেধাজ্ঞা বহাল থাকছে। ট্রায়াল চলাকালীন ব্রিজের উপরে যানবাহনের চাপ এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হবে।

    দীর্ঘদিন ধরে ব্রিজটি বন্ধ থাকায় নিত্যযাত্রী, অফিস যাত্রী, পড়ুয়া এবং ব্যবসায়ীদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছিল। বিকল্প রাস্তা ব্যবহার করতে গিয়ে সময় ও জ্বালানির অতিরিক্ত খরচের পাশাপাশি প্রতিদিনই যানজটের সমস্যায় নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে ব্যারাকপুর শিল্পাঞ্চল ও কলকাতার মধ্যে যাতায়াতে খুবই সমস্যা হচ্ছিল।

    শনিবার থেকে পরীক্ষামূলক ভাবে ব্রিজে যান চলাচল শুরু হওয়ায় সেই দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীরা। এখন সকলের নজর ১০ দিনের ট্রায়াল ও লোড টেস্টের দিকে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই বেলঘরিয়া ব্রিজ পুরোপুরি চালু হয়ে যাবে।

  • Link to this news (এই সময়)