• সাইবার জালিয়াতির শিকার মন্ত্রী? দীপক বর্মনের সিম ক্লোন করে হোয়াটসঅ্যাপ হ্যাকের অভিযোগ
    এই সময় | ০৫ জুলাই ২০২৬
  • এই সময়, আলিপুরদুয়ার: এ বার সাইবার জালিয়াতির শিকার খোদ রাজ্যের স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন! অভিযোগ, সিম ক্লোন করে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করা হয়েছে। তার পরে সেই নম্বর থেকে আলিপুরদুয়ার–সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে মন্ত্রীর নাম করে টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ।

    সিম ক্লোনিং কী? একটি সিমকার্ড চালু থাকা অবস্থায় ওই একই নম্বরে আরও একটি সিমকার্ড চালু করা। এতে ক্লোনড হওয়া সিমে এসএমএস, ওটিপি সব তথ্যই চলে যায় প্রতারকদের কাছে। এমনকী, ক্লোনড সিম থেকে প্রতারকরা যাকে খুশি এসএমএস পাঠাতে পারে। যে বা যারা এসএমএসটি পাবে, তাদের মনে হবে প্রকৃত মানুষটির থেকেই ওই মেসেজ এসেছে। মন্ত্রীর ক্ষেত্রেও সেটাই ঘটেছে বলে দাবি।

    শনিবার দুপুর নাগাদ বিষয়টি নজরে আসে। হিন্দি ভাষায় মন্ত্রীর হোয়াটসঅ্যাপ নম্বর থেকে অসংখ্য মানুষের কাছে দীপকের নাম করে আর্থিক সাহায্য চাওয়া হয়। এরপরে মন্ত্রীর পরিচিতরা তাঁকে ফোন করেও যোগাযোগ করতে ব্যর্থ হন। এমনকী, এক সাংবাদিকের কাছ থেকেও একই কায়দায় টাকা চাওয়া হয় বলে অভিযোগ। তাঁর নম্বর ব্যবহার করে এতকিছু ঘটে গেলেও কিছুই টের পাননি দীপক। শেষমেশ জেলা পুলিশ সুপার অমিতকুমার শাহকে সাইবার জালিয়াতির বিষয়টি জানানো হয়। খবর দেওয়া হয় মন্ত্রীর আপ্তসহায়ককেও। তার পরেই মাথায় হাত পড়ে স্কুলশিক্ষা মন্ত্রীর। তড়িঘড়ি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সিম ক্লোনিং করে হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হওয়ার বিষয়টি প্রকাশ্যে আনেন। পাশাপাশি প্রতারণার ফাঁদে পা না–দিতে সবাইকে সতর্ক করেন ফালাকাটার বিজেপি বিধায়ক।

    কয়েকদিন আগে আলিপুরদুয়ারের মাধব মোড় এলাকার এক কম্পিউটার ব্যবসায়ী সত্যজিৎ ভট্টাচার্যের সিম ক্লোন করে হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাকে অভিযোগ উঠেছিল। একই কায়দায় তাঁর নাম করেও টাকা চেয়েছিল সাইবার প্রতারকরা। এই ঘটনার রেশ কাটতে না–কাটতেই এ বার খোদ মন্ত্রীর সঙ্গে প্রতারণার ঘটনায় হতবাক জেলাবাসী।

    আলিপুরদুয়ার চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দে বলেন, ‘এ দিন দুপুরে আচমকা মন্ত্রী দীপক বর্মনের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে টাকা চেয়ে একটা মেসেজ আসে। কিন্তু ওই মেসেজের ভাষা হিন্দি হওয়ায় আমার সন্দেহ হয়। সঙ্গে সঙ্গেই আমি মন্ত্রীকে ফোন করি। কিন্তু তিনি ফোন না–ধরায় বিষয়টি এসপিকে জানাই।’ এসপি বলেন, ‘আমরা গুরুত্ব দিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছি।’ এ দিনই কলকাতা থেকে আকাশপথে বাগডোগরা হয়ে ফালাকাটায় ফেরার কথা রয়েছে দীপকের।

  • Link to this news (এই সময়)