• কলকাতা-সহ জেলায় ঝেঁপে বৃষ্টি, বিশেষ সতর্কতা মৎস্যজীবীদের
    এই সময় | ০৫ জুলাই ২০২৬
  • পূর্বাভাস আগেই ছিল। সেই মতোই রবিবার ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা এবং সংলগ্ন এলাকায়। তবে সেই বৃষ্টির দাপট ছিটেফোঁটা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যার ফলে ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।

    সকাল থেকেই কলকাতার আকাশে ঘন কালো মেঘ। কোথাও কোথাও হালকা বৃষ্টিও হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার সারাদিন মোটের উপর মেঘলাই থাকবে কলকাতার আকাশ। সঙ্গে শহরের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ারও দাপট থাকতে পারে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।

    রবিবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়াও, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী সতর্কতা রয়েছে। সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঘণ্টা গতিবেগে বইতে পারে দমকা ঝড়ো বাতাস। বৃষ্টির পূর্বাবাস রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টি চলবে আগামী সপ্তাহেও। নিম্নচাপের জেরে উত্তাল রয়েছে সমুদ্র। সেই কারণে মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

    সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা ঝোডো হাওয়া। তবে সোমবারের পর থেকে বাড়তে পারে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি হতে পারে।

  • Link to this news (এই সময়)