নয়াদিল্লি: ভারতীয় সেনার মুকুটে নয়া পালক। এবার রাষ্ট্রসংঘের তরফে বিশেষ সম্মান পেলেন ৬৫১ জন সেনা জওয়ান। তাঁরা গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় (ডিআর কঙ্গো) রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশনে (এমওএনইউএসসিও) অংশ নিয়েছিলেন। শুক্রবার গণপ্রজাতন্ত্রী (ডিআর) কঙ্গোর পার্মানেন্ট অপারেটিং বেস সাকে-তে আয়োজিত এক প্যারেড অনুষ্ঠানে তাঁদের এই মর্যাদাপূর্ণ রাষ্ট্রসংঘ পদক প্রদান করা হয়েছে। রাষ্ট্রসংঘের তরফে জানানো হয়েছে, কঠিন-ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও দায়িত্ব পালনে অবিচল থেকেছেন ভারতীয় সেনার এই জওয়ানরা। এহেন পেশাদারিত্ব, নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসাবেই দেওয়া হয়েছে পদক। উল্লেখ্য, ডিআর কঙ্গোয় দীর্ঘদিন ধরেই নানা অশান্তি চলছে। সংকটকালে ভারতীয় সেনা জওয়ানরা সেখানকার সাধারণ মানুষের সুরক্ষা প্রদানে বিশেষ ভূমিকা পালন করেছে। পাশাপাশি স্থানীয় নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় ত্রাণ পৌঁছে দেওয়া সহ একাধিক গুরুত্বপূর্ণ কাজ করেছে। তবে স্রেফ কঙ্গোয় নয়, অন্যান্য দেশেও রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা অভিযানে ভারতীয় সেনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বারবার। তাই এই সম্মাননা সামগ্রিক অবদানের স্বীকৃতি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।