• জাতীয়স্তরের সফল ক্রীড়াবিদরা ভরতির সুযোগ পাবেন খড়্গপুর আইআইটিতে, সমাবর্তন উৎসবে জানালেন প্রতিষ্ঠানের ডিরেক্টর সুমন চক্রবর্তী
    বর্তমান | ০৫ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, খড়্গপুর: মাদ্রাজ আইআইটির মতোই এবার খড়্গপুর আইআইটিতেও সফল ক্রীড়াবিদদের জন্য আসন সংরক্ষণ করা হচ্ছে। জাতীয় কিংবা আন্তর্জাতিকস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় পদক জয় করলেই আইআইটিতে স্নাতক(বিটেক) কোর্সে ভরতির সুযোগ মিলবে। সেইসঙ্গেই সায়েন্স অলিম্পিয়াডে সফল হলেও সরাসরি ভরতির সুযোগ পাবেন পড়ুয়ারা। শনিবার খড়্গপুর আইআইটির ৭২তম সমাবর্তন উৎসবে বিষয়টি জানিয়েছেন প্রতিষ্ঠানের ডিরেক্টর সুমন চক্রবর্তী। এদিনের সমাবর্তন মঞ্চ থেকে প্রতিষ্ঠানের ৩৯৩৬ জন পড়ুয়ার হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা তথা খড়্গপুর আইআইটির প্রাক্তনী সুব্রত গুপ্ত প্রমুখ।

    এদিনের মঞ্চ থেকে বক্তারা সকলেই খড়্গপুর আইআইটির মেধাবী পড়ুয়াদের দেশের সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান। সুকান্তবাবু বলেন, খড়্গপুর আইআইটি দেশের সকল আইআইটির জন্মদাত্রী। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে প্রতিষ্ঠানের পড়ুয়ারা বিকশিত ভারতে অংশ নিন। দেশকে গর্বিত করুন। 

    আইআইটি খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতাল এবং বিসি রায় টেকনোলজি হাসপাতালে খুব শীঘ্রই এমবিবিএস এবং পিজিটি কোর্স চালু হতে চলেছে বলে এদিনের সমাবর্তন অনুষ্ঠান থেকে বার্তা দেন রাজ্যের শিক্ষামন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ পড়ুয়াদের উদ্দেশে বলেন, আপানারা দেশ ও সমাজের জন্য আবদান রাখুন। চাকরি করা নয়, আপনাদের অন্যকে চাকরি দিতে হবে।
  • Link to this news (বর্তমান)