শক্তি বৃদ্ধি নিম্নচাপের, দক্ষিণবঙ্গে আজ জারি ‘কমলা সতর্কতা’
বর্তমান | ০৫ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ কিছুটা শক্তি বাড়িয়েছে। শনিবার এটির মূল কেন্দ্র দীঘা ও লাগোয়া ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরের উপর থাকলেও এর প্রভাবে এখনও পর্যন্ত বেশি বৃষ্টি হয়েছে ওড়িশায়। আগামী দিনে সুস্পষ্ট নিম্নচাপটি ওড়িশা হয়ে ছত্তিশগড়ের দিকে যাওয়ার ফলে মধ্য ভারতে বৃষ্টি বাড়বে। সেই সঙ্গে নিম্নচাপের প্রভাবে আজ, রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে শনিবার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সেখানে ‘কমলা সতর্কতা’ দেওয়া হয়েছে। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে আজ। বজ্রপাতসহ ঘণ্টায় সর্বোচ্চ ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতাসহ বিভিন্ন জেলার কোনো কোনো অংশে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলার কোথাও কোথাও।
আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, নিম্নচাপ যে জায়গায় অবস্থান করে, তার দক্ষিণ দিকে বেশি বৃষ্টি হয়। এই কারণে ওড়িশাতে বেশি বৃষ্টি হচ্ছে। নিম্নচাপটি দক্ষিণ বাংলাদেশ উপকূলের উপর থাকলে দক্ষিণবঙ্গে আগে থেকেই বৃষ্টি বাড়ত। আপাতত শুক্রবার সকাল থেকে শনিবার বিকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টি হয়নি। এই সময়কালে পূর্ব মেদিনীপুরের হলদিয়াতে ৩৬ মিমি, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে ২৮ মিমি, কলাইকুণ্ডাতে ৩৩ মিমি, মেদিনীপুরে ২৯ মিমি, উলুবেড়িয়ায় ১১ মিমি, ডায়মন্ডহারবারে ১৩ মিমি বৃষ্টি হয়েছে। সল্টলেকে ১১ মিমি, কলকাতায় ৫ মিমি, দমদমে ৬ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জুন মাস থেকে বৃষ্টির অনেকটা ঘাটতি আছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলি ছাড়াও ঘাটতি রয়েছে নদীয়া ও মুর্শিদাবাদে। উত্তরবঙ্গে দুই দিনাজপুর ও মালদহে ঘাটতি রয়েছে। এদিকে, দেশে সামগ্রিকভাবে বৃষ্টির ঘাটতি আরও কমে শনিবার ২৭ শতাংশ হয়েছে। মধ্য ভারতে যেখানে ঘাটতি সবথেকে বেশি ছিল, সেখানে তা ২৩ শতাংশে নেমে এসেছে।