বিধায়কদের ‘ব্যক্তিগত শুচিতা’ বজায় রাখার আবেদন লোকসভার স্পিকারের, দুর্নীতিমুক্ত বাংলা গড়াই লক্ষ্য
বর্তমান | ০৫ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিদের সামাজিক জীবনে ‘ব্যক্তিগত শুচিতা’ বজায় রাখার বার্তা দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। শনিবার বিধানসভায় এমএলএ-দের দু’দিনের প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আপনারা সমাজের প্রত্যেকের প্রতিনিধি। পশ্চিমবঙ্গের জনতা বিশ্বাস-ভরসা নিয়ে আপনাদের নির্বাচিত করেছে। তা অটুট রেখে জনগণের স্বপ্ন-আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। তাই আপনাদের শুচিতা বজায় রেখে সামাজিক জীবনে সাফসুতরো হতে হবে।’ প্রসঙ্গত, গত কয়েকবছরে বাংলার একাধিক বিধায়ক-মন্ত্রীর বিরুদ্ধে বিবিধ অপরাধের অভিযোগ উঠেছে। সেই সূত্রে একগুচ্ছ জনপ্রতিনিধি জেলও খেটেছেন কিংবা খাটছেন। এই পরিপ্রেক্ষিতে বাংলায় প্রথম বিজেপি সরকার গঠনের দু’মাসের মাসের মধ্যে বিধায়কদের ‘পাঠশালায়’ ওম বিড়লার এই সাবধানবাণী বিশেষ তাৎপর্যপূর্ণ।
সেই সঙ্গে প্রকৃত নেতা হওয়ার উপায়ও এদিন বাতলে দিয়েছেন লোকসভার স্পিকার। তাঁর কথায়, ‘স্লোগান সাউটিং করে সদনের গতি রোধ করলে নেতা হওয়া যায় না। তথ্য ও যুক্তিসঙ্গত বিশ্লেষণের মাধ্যমে বিধানসভার বিতর্কে অংশ নিন। গণতন্ত্রের এই মঞ্চ থেকেই আগামী দিনের রাজ্য তথা দেশের নেতা তৈরি হয়।’
সংসদের নিম্নকক্ষের অধ্যক্ষ বিধানসভার অভ্যন্তরে বিরোধী কন্ঠস্বরকে বাড়তি গুরুত্ব দেওয়ার পক্ষে জোরদার সওয়াল করেন। তিনি বলেন, ‘এই সদনে আইন তৈরি হয়। মানুষের জীবন আরও সুগম করতে নয়া কিংবা পুরানো আইনের সংস্কার করতে শাসক-বিরোধী এক হয়ে কাজ করতে হবে। এক্ষেত্রে এই সদন থেকে বিরোধী স্বর উঠবে। শাসক পক্ষের কাছে কঠিন পরিস্থিতি তৈরি হবে। কিন্তু সরকার তা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করলেই সমস্যার সমাধান হবে।’ তাঁর আরও পরামর্শ, কোনো বিধায়ক সুনির্দিষ্ট বিষয়ে প্রশ্ন তুললে তা সরকারকে খতিয়ে দেখতে হবে। তাতেই রাজ্যের বিকাশ হবে। এদিনের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি নতুন বিধায়কদের আত্মমর্যাদা বজায় রাখার আবেদন জানান। বিধায়কদের নিজের এলাকায় কেন্দ্র ও রাজ্য সরকারের শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ একাধিক সামাজিক প্রকল্পের সফল বাস্তবায়নের লক্ষ্য বেঁধে দেওয়ার কথা বলেছেন তিনি। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন হরিয়ানার রাজ্যপাল অসীমকুমার ঘোষ, পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু ও শিল্পমন্ত্রী তাপস রায়।