• এবার ফার্মেসি ডিপ্লোমা কলেজের অনুমোদন ঘিরে দুর্নীতির অভিযোগ
    বর্তমান | ০৫ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার ফার্মেসির ডিপ্লোমা কলেজগুলির অনুমোদন নিয়ে দুর্নীতির অভিযোগ জমা পড়তে চলেছে কারিগরি শিক্ষা দপ্তরে। সূত্রের খবর, বেশ কিছু কলেজে পরিদর্শনে গিয়ে নানা ত্রুটি পাওয়া গিয়েছিল। সেই ত্রুটিগুলির রিপোর্ট আকারে জমা করা সত্ত্বেও সংশ্লিষ্ট কলেজগুলি অনুমোদন পেয়ে গিয়েছে কারিগরি শিক্ষাদপ্তরের তরফে। এই ঘটনায় নাম জড়িয়েছে কারিগরি শিক্ষাদপ্তরের এক শীর্ষ আধিকারিকেরও। তাঁরই সইয়ে অনুমোদন পেয়ে গিয়েছে কলেজগুলি।

    দপ্তরে এক আধিকারিক বলেন, হাওড়ার একটি কলেজ অনলাইনে যেটিকে কলেজ বিল্ডিং বলে উল্লেখ করেছিল, পরিদর্শনে গিয়ে দেখা যায়, সেটি ঠিক নয়। শুধু তাই নয়, অত্যাবশ্যক বহু পরিকাঠামো অমিল ছিল সেখানে। পরবর্তীতে দেখা গিয়েছে, সেটিকে শর্তসাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে। অথচ তার চেয়ে কম ত্রুটি থাকা বীরভূমের একটি কলেজের অনুমোদন বাতিল করা হয়েছে। পূর্ব বর্ধমান এবং উত্তর দিনাজপুরের দু’টি কলেজ সহ অনুমোদন বাতিল হয়েছে অন্তত ৩৬টি কলেজের। সেগুলির বিভিন্ন ত্রুটি ছিল। তবে, আরও গুরুতর অভিযোগ ওঠা সত্ত্বেও এরকমই বেশ কিছু কলেজকে ছাড় দেওয়া হয়েছে।

    মুর্শিদাবাদের এক তৃণমূল নেতার ভাইয়ের কলেজ, তৃণমূলের এক সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠের হুগলির কলেজ, বর্ধমানে এক তৃণমূল প্রার্থীর কলেজ, উত্তর ২৪ পরগনায় এক প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ কলেজ এবং এক কর্মচারী নেতার নির্দেশে এই জেলার আরও একটি কলেজ ছাড় পেয়েছে বলে অভিযোগ। হাওড়ার কলেজটি সরাসরি এক মন্ত্রীর নির্দেশে ছাড় পায় বলেও দাবি দপ্তরের বিভিন্ন আধিকারিকের। এ বিষয়ে কারিগরি শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছে অভিযোগ জমা দেওয়ার তোড়জোর চলছে। তবে, এর আগেও বিভিন্নভাবে দপ্তরে লিখিত অভিযোগ জমা পড়েছিল। যদিও, প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়নি।
  • Link to this news (বর্তমান)