নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: আদালতে আত্মসমর্পণ করে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার। শনিবার শ্রীরামপুর আদালতে গিয়েছিলেন তিনি। তাঁর আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর আমার মক্কেল সাংসদদের জন্য নির্ধারিত আদালতে হাজিরা দেবেন। এদিন তাঁর জামিন মঞ্জুর হয়েছে। প্রাক্তন সাংসদ অবশ্য এদিন কিছু বলতে চাননি। প্রসঙ্গত, গত মঙ্গলবার জাতীয় তদন্তকারী সংস্থা(এনআইএ) অপরূপার স্বামী তথা রিষড়া পুরসভার কাউন্সিলার সাকির আলিকে গ্রেপ্তার করে। সেদিন অপরূপার বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়া এবং পুলিশের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ তুলেছিল শ্রীরামপুর থানার পুলিশ। একটি সুয়োমোটো মামলাও করে শ্রীরামপুর থানা। অপরূপাকে পরদিন থানায় তলব করা হলেও তিনি যাননি। এরপর শুক্রবার তিনি থানায় আইনজীবীর বেশে হাজিরা দেন। প্রায় চারঘণ্টা জেরার পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। নাটকীয়ভাবে শনিবার তিনি আইনজীবীকে সঙ্গে নিয়ে শ্রীরামপুর আদালতে যান। সেখানেই জামিনের আবেদন পেশ করলে তা আদালত মঞ্জুরও করেছে।