বসিরহাট: পরকীয়ার জের, ভাগ্নেকে খুন করে আত্মঘাতী মামী
বর্তমান | ০৫ জুলাই ২০২৬
সংবাদদাতা, বসিরহাট: অবৈধ সম্পর্কের জেরে ভাগ্নে দেবাশিস মণ্ডলকে (৩২) খুন করে আত্মঘাতী হলেন মামী রুনু মণ্ডল (৩৩)। এই সম্পর্কের জন্য বসিরহাটের ময়লাখোলা সংলগ্ন এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন দু’জনে। শনিবার সকালে বসিরহাটে রেললাইন থেকে মামির মৃতদেহ উদ্ধার হয়। অন্যদিকে যে বাড়িতে তাঁরা ভাড়া থাকতেন, সেই বাড়ি থেকেই ভাগ্নের মৃতদেহ উদ্ধার হয়। মৃত দেবাশিসের পরিবারের দাবি, মামি রুনু শুক্রবার রাতে ভাগ্নেকে খুন করে শনিবার ভোরে ট্রেনের তলায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
জানা গিয়েছে, মৃত ভাগ্নে দেবাশিসের বাড়ি বসিরহাটের ট্যাটরা এলাকায়। মামি রুনুর বাপের বাড়িও সেখানে। ১৪ বছর আগে রুনু মণ্ডলের বিয়ে হয় বনগাঁয়। তবে মাঝেমধ্যে তিনি বাপের বাড়িতে আসতেন। সেই সূত্রেই দেবাশিসের সঙ্গে দেখা হয় এবং দু’জনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এদিকে দেবাশিসের পরিবারের দাবি, বসিরহাটে দু’জনে খুব স্বস্তিতে ছিলেন না। কারণ কিছুদিন আগে দেবাশিস তাঁর বাবাকে ফোন করে জানিয়েছিলেন যে, তিনি খুব অশান্তিতে আছেন। তাই বাড়ি ফিরতে চান। এমনকী দেবাশিসের পরিবারের আরও দাবি, শুক্রবার রাতে রুনু নাকি তাঁর বাবাকে ফোন করে বলেছিলেন, দেবাশিসকে মেরে ফেলেছি। এবার আমিও আত্মহত্যা করব। এরপর শনিবার রুনুর দেহ পাওয়া যায় বসিরহাট স্টেশন সংলগ্ন অনন্তপুর এলাকায়। অন্যদিকে, যেখানে তাঁরা ভাড়া থাকতেন সেই বাড়ির দরজা ভেঙে দেবাশিসের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
রুনুর পরিবারের তরফ থেকে কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দেবাশিসের পরিবারের অভিযোগ, মামি রুনুই খুন করেছেন ভাগ্নেকে। এরপর নিজেও ট্রেনের তলায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।