বারাসতে বাড়ি ভাড়ার নামে প্রতারণা রাস্তায় গণপিটুনি অভিযুক্তকে
বর্তমান | ০৫ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাসত: অনলাইনে বাড়ি ভাড়ার বিজ্ঞাপনে কম ভাড়ার লোভনীয় প্রস্তাব দেওয়া থাকত। তা দেখে ফোন করলে মিলত বাড়ি পাইয়ে দেওয়ার আশ্বাস। তারপর অগ্রিম টাকা দিতে হত। তা পাওয়ার পরই যোগাযোগ যেত বিচ্ছিন্ন হয়ে। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই কায়দায় কলেজ পড়ুয়াদের সঙ্গে প্রতারণা করছিলেন এক যুবক। শুক্রবার রাতে বারাসতের হাটখোলাতে অভিযুক্তকে ধরে গণপিটুনি দেন প্রতারিত ও স্থানীয় বাসিন্দারা। তাঁকে উদ্ধার করে পুলিশ। তারপর আটক করে বারাসত থানা। ধৃতের নাম অর্ণব পাল। থাকেন বনগাঁ শহরে। রবিবার তাঁকে বারাসত আদালতে পেশ করা হয়েছিল।
অভিযোগ, বারাসত সংলগ্ন এলাকায় পড়াশোনা করতে আসা পড়ুয়াদের টার্গেট করে একাধিক অনলাইন মাধ্যমে বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দিতেন অর্ণব। বিজ্ঞাপন দেখে যোগাযোগ করলে নিজেকে রেল পুলিশের কর্মী বলে পরিচয় দিয়ে প্রথমে বিশ্বাস অর্জন করতেন। তারপর বাড়ি বুক করে দেওয়ার নামে অগ্রিম টাকা নিতেন। অনেক মানুষ টাকা দিতেন। কিন্তু তারপর বাড়ি পেতেন না। এই কৌশলে বহু পড়ুয়ার কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়েছেন অর্ণব। অঙ্কিতা মণ্ডল নামে এক প্রতারিতের অভিযোগ, প্রথমে বিভিন্ন অজুহাত দিয়ে সময় কাটাতেন। কখনও বলতেন, বাড়ির মালিক বাইরে। কখনও বাড়ি দেখানোর দিন পিছিয়ে দিতেন। পরে ফোন ধরা বন্ধ করে দিতেন। আমার বন্ধুদের কাছ থেকেও মোটা টাকা হাতিয়েছে।
শুক্রবার রাতে হাটখোলায় অর্ণবকে দেখতে পেয়ে তাঁকে ঘিরে ধরেন কয়েকজন প্রতারিত। সে খবর ছড়িয়ে পড়ার পর জড়ো হন স্থানীয়রা। মারধরের পাশাপাশি অর্ণবকে লক্ষ্য করে ডিম ছোড়েন। খবর পেয়ে বারাসত থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে।