পুনর্বাসন ছাড়াই হকার উচ্ছেদের বিরুদ্ধে জোড়া মিছিল সিপিএমের
বর্তমান | ০৫ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের বিরুদ্ধে কলকাতায় শনিবার জোড়া মিছিল করল সিপিএম। এদিন দুপুরের দিকে শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে দু’টি মিছিল ফেয়ারলি প্লেসে পূর্ব রেলের সদর দপ্তরের দিতে রওনা হয়। কিন্তু শিয়ালদহের মিছিল মহম্মদ আলি পার্কের সামনে ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ। পরে হাওড়ার মিছিলও সেখানে এসে যুক্ত হয়। রেলের দপ্তরে আধিকারিকরা না থাকায় সিপিএম নেতৃত্ব এদিন স্মারকলিপি জমা দেননি। মহম্মদ আলি পার্কের সামনেই সভা হয়। তার ফলে দীর্ঘক্ষণ সেন্ট্রাল অ্যাভিনিউ রাস্তা বন্ধ ছিল।
হাওড়ার মিছিলে ছিলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, সিআইটিইউ রাজ্য সম্পাদক জিয়াউল আলম প্রমুখ। শিয়ালদহর মিছিলে ছিলেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, অনাদি সাহু, কল্লোল মজুমদার প্রমুখ। সভা থেকে সেলিম বলেন, ‘আমরা বলতে এসেছি, রুটিরুজির লড়াইয়ে হকাররা একা নন, লাল ঝান্ডা আপনাদের পাশে আছে। শুনলাম, মুখ্যমন্ত্রী বলেছেন, উচ্ছেদ আপাতত বন্ধ থাকবে। এঁদের বিশ্বাস নেই, মিথ্যা কথা বলেন এঁরা। আজকে রাস্তায় আছি বলে একটা কথা বলল। তাই আমাদের জেগে থাকতে হবে।’ দমদম ও সন্তোষপুর স্টেশন থেকে উচ্ছেদ হওয়া দু’জন মহিলা হকার তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। উচ্ছেদের প্রতিবাদে শিয়ালদহ থেকে মোহাম্মদ আলি পার্ক পর্যন্ত সিপিএমের মিছিল। -নিজস্ব চিত্র