• প্রতিমা তৈরির মাটির লরি বিনা বাধায় চলবে, নির্দেশ ডিজির
    বর্তমান | ০৫ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কুমারটুলির মাটি সংকট মেটাতে উদ্যোগ। কলকাতার পুলিশ কমিশনার ও জেলার এসপিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। শুক্রবার বিকেল সোয়া ৫টা থেকে কনফারেন্স শুরু হয়। তাতে কলকাতার সিপি সহ অংশ নেন ডিসি ও থানার ওসিরা।

    নবান্নের এক সূত্র জানিয়েছে, বৈঠকে ডিজি ডায়মন্ডবারবার পুলিশ জেলার এসপি সহ সব পুলিশকর্তাকে নির্দেশ দেন, মৃৎশিল্পে ব্যবহৃত মাটির লরিকে কলকাতা সহ গোটা রাজ্যে বিনা বাধায় নিরাপদে চলাচলের রাস্তা করে দিতে হবে। উল্লেখ্য কুমোরটুলির মাটি সংকট মেটাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপের পরও রাস্তায় পুলিশের একাংশ মাটির লরি আটকে হেনস্তা করছে বলে অভিযোগ মৃৎশিল্পীদের। মূলত দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার, ফলতার মতো কয়েকটি থানার দিকে অভিযোগের তির। কুমোরটুলির মৃৎশিল্পী সংগঠনের সম্পাদক বাবু পালের অভিযোগ, ‘থানায় মাটি পরিবহণে ব্যবহৃত লরির রেজিস্ট্রেশন নম্বর দেওয়া সত্ত্বেও লরি আটকে হেনস্তা করছে পুলিশ। এর ফলে প্রতিমা তৈরির কাজ থমকে যাচ্ছে।’ দুর্গাপুজোর আর বাকি একশ দিন। গত প্রায় আড়াই মাস ধরে কুমোরটুলিতে প্রতিমা তৈরির মাটির আকাল চলছে। ফলে পুজোর মুখে প্রতিমা তৈরির ক্ষেত্রে সংকট দেখা দিয়েছে।    
  • Link to this news (বর্তমান)