• পুকুরে ডুবে মৃত্যু এমবিএ পড়ুয়ার
    বর্তমান | ০৫ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল এক এমবিএ পড়ুয়ার। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক থানার রিজেন্ট কলোনিতে। মৃত পড়ুয়ার নাম অভিজিৎ সরকার (২৪)। তাঁর বাড়ি আলিপুরদুয়ারে। পড়াশোনার জন্য রিজেন্ট কলোনিতে ভাড়া থাকতেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ছিল অভিজিতের কলেজের সমাবর্তন অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে বন্ধু দেবজিৎ পালচৌধুরী ও তন্ময় ধরের সঙ্গে রিজেন্ট কলোনির ভাড়া বাড়িতে ফেরেন। সেখান থেকে তাঁরা পুকুরে স্নান করতে যান। আর স্নান করার সময় আচমকা তলিয়ে যান অভিজিৎ। তাঁকে খুঁজে না পেয়ে দুই বন্ধু স্থানীয় বাসিন্দা, পুলিশ ও দমকলকে খবর দেন। দমকলকর্মীরা তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন। সিপিআর দেওয়ার পর দ্রুত এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অভিজিৎ সাঁতার জানতেন না। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। সেই সঙ্গে দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
  • Link to this news (বর্তমান)