• দুই দিনাজপুর ও মালদহকে নিয়ে নতুন ডিস্ট্রিক্ট কাউন্সিল সিআইআইয়ের, আশায় বণিকমহল
    বর্তমান | ০৫ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: উত্তর দিনাজপুর, মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলা নিয়ে সূচনা হল সিআইআইয়ের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কাউন্সিলের। শনিবার জেলাশাসক বিবেক কুমার, সিআইআইয়ের নর্থবেঙ্গল জোনাল কাউন্সিলের চেয়ারম্যান সতীশ মিত্রুকা, সিআইআইয়ের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কাউন্সিলের কনভেনার শান্তনু দাস সহ বহু শিল্পদ্যোগী ও বণিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে নবগঠিত কাউন্সিলের আলোচনা সভার আয়োজন হয়। যেখানে উত্তর দিনাজপুর, মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলার শিল্প সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভুট্টা থেকে স্টার্চ শিল্প, লজিস্টিক শিল্প সহ বিভিন্ন ধরনের শিল্প সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন উপস্থিত সকলে।

    এদিনের সভায় যোগ দিতে না পারলেও ভার্চুয়াল মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, সিআইআই উত্তর দিনাজপুর কাউন্সিল গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। এই উদ্যোগ, কৃষিভিত্তিক শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্রকে উজ্জীবিত করবে। স্বাভাবিকভাবে নতুন এই কাউন্সিল উত্তরবঙ্গে শিল্প সম্ভাবনায় অক্সিজেন দেবে। সিআইআইয়ের নর্থবেঙ্গল জোনাল কাউন্সিলের চেয়ারম্যান সতীশ মিত্রুকা বলেন, উত্তরবঙ্গে এটি দ্বিতীয় কাউন্সিল। যা আগামীতে শিল্পদ্যোগীদের বিভিন্ন সমস্যা মেটাতে সুবিধা দেবে।

    জেলাশাসক বলেন, আমরা খুব খুশি। সেকেন্ড ডিস্ট্রিক্ট কাউন্সিল পাওয়া এই জেলার জন্য একটা ব্রিজ। যা দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের সমন্বয় ঘটাবে। এখানে অনেক সম্ভাবনা আছে। শিল্পদ্যোগীদের সুবিধার জন্য জেলায় মাসিক বৈঠক করা হয়। যেখানে প্রশাসনের বিভিন্ন দপ্তরে জমি, অগ্নিনির্বাপন সহ বিভিন্ন ধরনের সমস্যা সহজেই মিটিয়ে দেয়। ব্যাংক লোন পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও পদক্ষেপ নেওয়া হয়।
  • Link to this news (বর্তমান)