• ডেপুটি পিএম পদ আবার ফিরছে? জল্পনা শাহের নাম নিয়ে, দৌড়ে নীতীশও
    এই সময় | ০৫ জুলাই ২০২৬
  • অরিন্দম বন্দ্যোপাধ্যায়, নয়াদিল্লি

    কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্ভাব্য সম্প্রসারণ নিয়ে গুঞ্জনের অন্ত নেই রাজধানী দিল্লিতে৷ রাজধানীর রাজনৈতিক অলিন্দে সর্বশেষ জল্পনা তৈরি হয়েছে যেখানে সংসদের বাদল অধিবেশনের পরে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ হবে বলে নতুন জল্পনা তৈরি হয়েছে৷ এ বার এর সঙ্গে যুক্ত হয়েছে উপপ্রধানমন্ত্রী বা ডেপুটি প্রাইম মিনিস্টারের পদের সংযোজন সংক্রান্ত জল্পনাও৷ রাজধানী দিল্লির রাজনৈতিক অলিন্দে এখন জোরালো ভাবে এই সম্ভাবনা ঘোরাফেরা করছে। সম্ভাব্য উপপ্রধানমন্ত্রী পদে প্রথম পছন্দ হিসেবে উঠে আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম৷ বিকল্প হিসেবে ঘুরছে জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমারের নামও৷

    দু’দশকেরও বেশি আগে এনডিএ সরকারের শেষ উপপ্রধানমন্ত্রী ছিলেন লালকৃষ্ণ আদবানি৷ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর কার্যকালে ২০০৪ পর্যন্ত দেশের উপপ্রধানমন্ত্রী ছিলেন আদবানি৷ এর পরে ইউপিএ-১ এবং ইউপিএ-২ সরকারের কার্যকালে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সময়ে দেশে কোনও উপপ্রধানমন্ত্রী ছিলেন না৷ ২০১৪–তে মোদী সরকার ক্ষমতায় আসার পরে বিগত ১২ বছরেও দেশে কোনও উপপ্রধানমন্ত্রী নেই৷ তবে মোদী মন্ত্রিসভার সম্ভাব্য সম্প্রসারণকে কেন্দ্র করে আরও একবার উপপ্রধানমন্ত্রী বা ডেপুটি পিএম পদে নিয়োগ নিয়ে প্রবল জল্পনা তৈরি হয়েছে রাজধানী দিল্লিতে৷

    বাজপেয়ীর কার্যকালে যখন লালকৃষ্ণ আদবানিকে দেশের উপপ্রধানমন্ত্রী করা হয়েছিল সেই সময়ে তিনিই ছিলেন কার্যত সরকারের ‘সেকেন্ড ইন কম্যান্ড’৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদের সঙ্গেই তিনি উপপ্রধানমন্ত্রীর দায়িত্বও সামাল দিয়েছিলেন৷ এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালে অলিখিত ভাবে সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ৷ স্বভাবতই কেন্দ্রীয় সরকার যদি আরও একবার দেশের উপপ্রধানমন্ত্রী পদে নিয়োগ করার সময় নেয়, তা হলে শাহই সেই পদের সব থেকে বড় দাবিদার বলেই দাবি জানাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ৷

    আবার বিহারের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে রাজ্যসভার সাংসদ হিসেবে দিল্লিতে আসার পরে এনডিএ শরিক জেডিইউয়ের সুপ্রিমো নীতীশকে বড় কোনও পদ দেওয়া হয়নি৷ সরকারি সূত্রের দাবি, একটি সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে নীতীশকে দায়িত্ব দেওয়ার কথা বলা হলেও তিনি সেই দায়িত্ব গ্রহণ করেননি৷ এই আবহে আলঙ্কারিক উপপ্রধানমন্ত্রী পদে নীতীশকে বসিয়ে তাঁর মানভঞ্জন করার চেষ্টা হতে পারে বলেও দিল্লির রাজনৈতিক মহলে জল্পনা চলছে৷

  • Link to this news (এই সময়)