• উত্তাল সমুদ্রে চড়ায় আটকাল ট্রলার, পুলিশের তৎপরতায় উদ্ধার ৭ মৎস্যজীবী
    News18 বাংলা | ০৫ জুলাই ২০২৬
  • উপকূলে ফিরতে গিয়ে চড়ায় আটকালো ট্রলার। এই ঘটনায় ৭ মৎস্যজীবীকে উদ্ধার করা গিয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা পেয়ে তড়িঘড়ি উপকূলে ফিরছিল ট্রলারটি। সেই সময়েই এই ঘটনা ঘটে। প্রথমে চড়ায় আটকে যায় মৎস্যজীবীদের একটি ট্রলার। পরে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশকর্মী ও স্থানীয় মৎস্যজীবীদের তৎপরতায় দুর্ঘটনাগ্রস্ত ট্রলারের ৭ মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

    বৃহস্পতিবার নামখানার ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর থেকে এফবি মা কালী নামে একটি ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। সেখানে মোট সাতজন মৎস্যজীবী ছিলেন। সমুদ্রে জাল ফেলে মাছ ধরার সময় ওই ট্রলারের মৎস্যজীবীরা দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর ওয়্যারলেসের মাধ্যমে জানতে পারেন। এরপর তাঁরা তড়িঘড়ি জাল গুটিয়ে উপকূলের দিকে ফিরে আসছিলেন।

    কিন্তু তখনই আবহাওয়া ভয়াবহ রূপ নেয়। প্রবল ঢেউয়ের ধাক্কায় ওই ট্রলারটি বঙ্গোপসাগরের লাটিমের চড়ায় আটকে যায়। বিপদ বুঝে ট্রলার ছেড়ে মৎস্যজীবীরা চড়ায় নেমে পড়েন। তাঁরা বিষয়টি প্রশাসনকে জানান। খবর পাওয়া মাত্রই ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে যোগাযোগ করে একটি উদ্ধারকারী দল তৈরি করে।

    তারপরই উত্তাল সমুদ্র ও খারাপ আবহাওয়ার সঙ্গে দীর্ঘক্ষণ লড়াই চালিয়ে ওই মৎস্যজীবীদের উদ্ধার করা হয়। বর্তমানে ট্রলার সহ ওই সাত মৎস্যজীবীকে নিরাপদে ফ্রেজারগঞ্জ বন্দরে নিয়ে আসা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঘণ্টা গতিবেগে বইতে পারে দমকা ঝড়ো বাতাস। বৃষ্টির পূর্বাবাস রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি চলবে আগামী সপ্তাহেও। নিম্নচাপের জেরে উত্তাল রয়েছে সমুদ্র। সেই কারণে মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)