আজকাল ওয়েবডেস্ক: ইডি-সিআইডি-পুলিশ। একের পর এক মামলা। অস্বস্তি বাড়ছে বই কমছে না ডায়মন্ড হারবারের সাংসদের। শনিবারেই নোটিশ পেয়েছিলেন কালীঘাট থানা থেকে। সূত্রের খবর, রবিবারেই জবাব পাঠিয়েছেন অভিষেক। যদিও তিনি ঠিক কী কী তথ্য-নথি দিয়েছেন এই অভিযোগের ভিত্তিতে, তা স্পষ্ট হয়নি এখনও। সুত্রের খবর, অভিষেকের প্রতিনিধি নোটিশ সংক্রান্ত বেশকিছু নথি জমা দিয়ে এসেছেন।
দিনকয়েক আগেই মোটর ভেহিকেলস অ্যাক্টে অভিযোগ দায়ের হয় অভিষেকের নামে। রাজীব সরকার নামে এক ব্যক্তি তাঁর বিরুদ্ধে বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ, অভিষেক যে গাড়িতে চড়েন, সেই গাড়িতে তাঁর নিরাপত্তা রক্ষীরা তাঁকে নিরাপত্তা দেওয়ার জন্য বিপজ্জনকভাবে গাড়ির দরজা ধরে ঝুলতে থাকেন। সেভাবেই শহরের মাঝখান দিয়ে, ভিড় রাস্তা দিয়ে যাতায়াত করেন। নিরাপত্তারক্ষীরা যেভাবে গাড়িতে ঝুলে যান, তা নিরাপত্তারক্ষী এবং সাধারণ মানুষের জন্য বিপজ্জনক হতে পারে,, মোটর ভেহিকেলস আইন অভিষেক ব্যানার্জি লঙ্ঘন করেছেন, এই ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়।
প্রসঙ্গত, গত মাসের শেষেও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কলকাতার ভবানীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। ভবানীপুরেরই এক বাসিন্দা, অর্ণব কান্তি দাস, এই অভিযোগটি দায়ের করেছিলেন। অভিযোগকারী অর্ণব চিঠিতে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছিলেন, যাতে এই এক্স হ্যান্ডেল পোস্টটিকে খতিয়ে দেখে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়।
রাজীবের অভিযোগের ভিত্তিতে, কালীঘাট থানার পুলিশ অভিষেক ব্যানার্জির কাছে উত্তর জানতে চায়, তবে নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেননি অভিষেক। ফের শনিবার নোটিশ পাঠানো হয়। রবিবার অভিষেক জবাব দিয়েছেন বলেই খবর সূত্রের।