সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। তবে এখনও পর্যন্ত ভারী বৃষ্টির দেখা না মিললেও রবিবার সকাল থেকে কলকাতার একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। তবে আজ সারাদিনই কি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির দেখা মিলবে? উত্তরবঙ্গেও কি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে এর পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলার কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে রবিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে আজ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
রবিবার কলকাতায় সকাল থেকে হালকা বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ কলকাতায় সাধারণত মেঘলা আকাশের দেখা মিলবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়ে কি না এখন সেটাই দেখার।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে উত্তরবঙ্গে আজ তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।