সম্প্রতি পূর্ব আফ্রিকার সেশেলসে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তাঁকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়। প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় ‘গার্ডিয়ান অফ দ্য ব্লু হোরাইজন’ সম্মান। তা নিয়ে সম্প্রতি মোদিকে ‘অপমান’ করেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। এবার তারই পালটা জবাব দিল নয়াদিল্লি।
নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের এক উচ্চপদস্থ কর্তা বলেন, “খোয়াজা আসিফ মানসিকভাবে ভারসাম্যহীন। তাঁকে মন্ত্রী করা হয়েছে। এতেই পাকিস্তানের প্রকৃত চিত্র উঠে আসে। তাঁর দক্ষতা নেই। যে বিষয়ে তাঁর জ্ঞান খুবই সীমিত, সেসব নিয়ে হাস্যকর মন্তব্য করেই তিনি সময় কাটান। ঈর্ষা বা পরশ্রীকাতরতা কখনই ভালো নয়। তিনি সর্বদা বিদ্বেষপূর্ণ কথাবার্তায় অভ্যস্ত।” যদিও খোয়াজার মন্তব্য নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও মোদি সরকারের তরফে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, সেশেলসের সর্বোচ্চ সম্মান প্রাপ্তির পরই মোদিকে কটাক্ষ করেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। পুরস্কারটিকে তিনি ‘পরিকল্পিত স্বীকৃতি’ হিসাবে অভিহিত করেন। অভিযোগ করেন, মোদির সফরের আগেই তড়িঘড়ি এই পুরস্কারটিকে তৈরি করা হয়েছিল।
প্রসঙ্গত, মোদির বিদেশ সফরের সঙ্গে রাষ্ট্রীয় সম্মান যেন সমার্থক হয়ে গিয়েছে। গত ১২ বছর ধরে তিনি রয়েছেন প্রধানমন্ত্রীর কুর্সিতে। রাষ্ট্রপ্রধান হিসাবে একের পর এক দেশে সফর করেছেন। সেসব দেশে বিরাট সম্মান পেয়েছেন তিনি। একাধিক দেশের সর্বোচ্চ সম্মান তুলে দেওয়া হয়েছে তাঁর হাতে। শুরুটা হয়েছিল ২০১৬ সালে সৌদি আরবের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘কিং আব্দুল আজিজ সাশ’-এর মাধ্যমে।