শনিবার বিকেল থেকে নিখোঁজ। রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরে উদ্ধার দেহ। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। নির্যাতিতার দেহ আটকে রেখে বিক্ষোভ উত্তেজিত জনতার। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে। আক্রান্ত হয়েছে কয়েকজন পুলিশকর্মীও। আক্রমণের শিকার সাংবাদিকরাও। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এক অভিযুক্তকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
রবিবার সকালে বারুইপুর থানা এলাকার ধপধপি-২ পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। পরিবার জানিয়েছে, বছর ১১-র নাবালিকা শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল। খাবার কেনার নামে বাড়ি থেকে বেরয় সে। তারপর আর ফিরে আসেনি। অভিযোগ চার যুবক তাকে তুলে নিয়ে যায়। রাতভর নিখোঁজের পর আজ, রবিবার দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। দেহ আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। উত্তেজিত জনতা মারমুখী হয়ে ওঠে। আক্রান্ত হয়েছেন কয়েকজন পুলিশকর্মী। পাঠানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী। তবে পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে বলেই জানা যাচ্ছে।