সংগঠনে একঝাঁক নতুন মুখ! চলতি মাসেই রদবদলের সম্ভাবনা রাজ্য বিজেপিতে
প্রতিদিন | ০৫ জুলাই ২০২৬
চলতি জুলাই মাসেই রাজ্য বিজেপির সাংগঠনিক কাঠামোয় বড়সড় রদবদলের সম্ভাবনা। শুধু রাজ্য কমিটি নয়, জেলা স্তরেও ব্যাপক পরিবর্তনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত বলে দলীয় সূত্রের খবর। শুক্রবার রাতে দিল্লিতে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যর সঙ্গে বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সুনীল বনশলের দীর্ঘ বৈঠকে সেই রূপরেখাই চূড়ান্ত হয়েছে বলে খবর।
সূত্রের দাবি, আগামী সপ্তাহেই বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক রদবদল ঘোষণা হতে পারে। সেই প্রক্রিয়া শেষ হলেই পশ্চিমবঙ্গের নতুন রাজ্য ও জেলা কমিটির তালিকায় সিলমোহর পড়বে। বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্ট বার্তা দিয়েছে, ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি কঠোরভাবে কার্যকর করা হবে। ফলে সম্প্রতি রাজ্যের নতুন মন্ত্রিসভায় জায়গা পাওয়া দলের কোনও বিজেপি বিধায়ক নতুন সাংগঠনিক কমিটিতে থাকবেন না। তাঁদের পরিবর্তে সাংগঠনিক কাজে সক্রিয় একঝাঁক নতুন মুখকে দায়িত্ব দেওয়া হবে।
দলীয় সূত্রে আরও খবর, পশ্চিমবঙ্গ থেকে কয়েকজন নেতাকে কেন্দ্রীয় সাংগঠনিক স্তরেও তুলে আনার পরিকল্পনা রয়েছে। তাঁদের মধ্যে একজনকে দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হতে পারে বলেও জোর জল্পনা। সব মিলিয়ে ২০২৯ সালের লোকসভা ভোটকে সামনে রেখে বাংলায় বিজেপির সংগঠনকে নতুন করে সাজাতে কেন্দ্রীয় নেতৃত্ব যে বড়সড় রণকৌশল নিয়েছে, বনশল-শমীক বৈঠকের পর সেই ইঙ্গিত আরও স্পষ্ট হয়েছে।